রবীন্দ্রনাথের মা রিলেটেড একটা কবিতা পড়লাম। পড়ে বাড়ী গেলাম। মা'র দিকে অনেক্ষণ তাকায়ে থাকলাম। কবিতাটা হইলো-
আমার মা না হয়ে তুমি
আর কারো মা হলে
ভাবছ তোমায় চিনতেম না,
যেতেম না ঐ কোলে?
কিন্তু মা'রে কিছু বলতে পারলাম না। ভাবছিলাম, কবিতাটা মা'রে শোনাবো, পারলাম না, লজ্জা লাগলো। বললাম
- মা, তুমি আমার সাথে ঢাকা চলো।
কিন্তু মা আসবেন না। তিনি বিছানায় পড়া। হয়ত ভাবতেছিলেন, ঢাকায় এসে কাউকে যন্ত্রনা দিবেন না। গ্রামের নিজের চেনা, নিজের গড়া বাড়ীতেই মৃত্যুর জন্য অপেক্ষা করবেন। মৃত্যু মা'কে অনেক বছর অপেক্ষায় রেখে তবেই এসে নিয়ে গেলো সাথে করে। মা'কে জড়ায়ে ধরে বলা হয় নাই - তুমি অন্য কারো মা হইলেও আমি ঠিকই চিনতাম, তুমি যে আমার মা।
বেশ কিছুদিন ধরেই প্রিয় একটা বাহানা শুরু করছে। তার মা খেতে বসলেই
- মাম্মা খাইও না, খাইও না, খাইও না...
তার মা বাথরুমে গেলে
- মাম্মা বাথরুমে যাবা না, যাবা না, যাবা না
ঝুমু যখন ওর মা'র সাথে কথা বলে
- মাম্মা ওমু'র কথা শোনবা না, শোনবা না, শোনবা না
মানে, প্রতিটা কাজে, প্রতিটা ক্ষণ ও তার মা'রে আকড়ায়ে ধরে রাখবে। এই ছেলেই কিছুদিন পর তা'র মা'র কাছ থেকে দূরে যাবে। ভালোবাসবে, এ আমি জানি। কিন্তু মুখ ফুটে হয়ত বলবে না, আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে / ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ঐ কোলে? কারন অতিরিক্ত ভালোবাসায় মুখে কথা জুটে না।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



