গভীর জঙ্গলের মাঝে “কূএব্রাদা দেল ইউরো” উপত্যকা। সামরিক বাহিনীর সাথে গোলাগুলিতে বিপ্লবী দলের নেতা আহত হয়। তার বিশ্বস্ত সঙ্গী সারাবিয়া তাকে বাঁচানোর শেষ চেষ্টায় একাই লড়াই করে যাচ্ছিল। একসময় সে আর পারে না শত শত শত্রুর সাথে। নেতা সহ বন্দী করা হয় তাকে। নিয়ে রাখা হয় একটি স্কুলঘরে। পরদিন দুপুরে সৈন্যদের মাঝে লটারি হয়; “কে সেই বন্দী নেতাকে হত্যা করবে?” সার্জেন্ট টেরান বন্দীকে হত্যার জন্য স্কুল ঘরে ঢোকে। কিন্তু ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে পরমুহূর্তে। পরবর্তীতে আবার যায় কাঁপতে কাঁপতে আর পাগলের মত গুলি ছুঁড়তে থাকে না দেখেই। বন্দী নেতার শেষ কথাটি ছিল “ গুলি কর, তবু তুমি শুধু একটা মানুষই মারতে পারবে”। কথিত আছে, মৃত্যুর পরে সেই নেতার মুখে একটুকরো হাসি লেগে ছিল। হয়তবা সেই হাসি ছিল বিপ্লবকে বাঁচানোর। কারন সে জানত, বুলেট শুধু মানুষ মারতে পারে, বিপ্লবকে মারতে পারে না। শোষণের বিরুদ্ধে এক নিরন্তর বিপ্লবের জন্ম দিয়ে অন্তিম হাসি হাসে চে গুয়েভারা। আজো যখন শত্রুর বিশ্বাসঘাতক বুলেটের সামনে জীবন বাজি রেখে মানুষ দাড়ায় মনুষ্যতের পক্ষে, যখন সম্পদের সুষম বণ্টন চেয়ে মৃত্যুর বিনিময় করে হাসতে হাসতে, যখন রক্ত দিয়ে কেনে অনাগত শিশুর স্বাধীনতা, তখন বুঝি এক অদেখা জগত থেকে চে হাসতে থাকে। কেন জানি না সেই হাসি আমার চোখে জল নিয়ে আসে।
ইউ সি দেভিস মেডিকেল সেন্টার। ডেরেক ম্যাডসন নামে ১০ বছরের ছেলেটা হাসতে হাসতে ওর মা সিন্দি এর সাথে করিডোর দিয়ে আসছিল। আর হাত দিয়ে দেখাছিল বিজয়ের চিহ্ন সবাইকে। ও ছুটে আসতে পারছিল না, কারন হুইল চেয়ার ছাড়া চলতে পারত না ও। এই বিজয়ের চিহ্ন রোগমুক্তির নয়, ডাক্তার বলেছিল বন মেরো ট্রান্সফার করা সম্ভব হবে। তাহলে ও হয়ত বাঁচতেও পারে দুরারোগ্য ক্যান্সার থেকে। এই হাসি, বাঁচার সেই সম্ভাবনার হাসি। আরও কিছুদিন এই ধুলি মলিন পৃথিবী দেখার স্বপ্নের হাসি। তবু তার সপ্ন সত্যি হয়নি। অল্প কয়েকদিন পরেই সে মারা যায়। আমি যখন তার ছবিটা দেখি, তার হাসি দেখে কেন জানি আমার কান্না পায়।
আপনি যদি কখনো উত্তর পশ্চিম গাজার আত্তাত্রা শহরে যান, সেখানে সালেহ আবু লেইলা এর বাড়িতে গেলে হয়ত এখনও নিদাল নামের সেই ছেলেটা আপনাকে হেসে অভ্যর্থনা জানাবে। তবে সে আপনাকে ভিতরে নিয়ে যেতে পারবে না। কারন সে হাঁটতে পারে না। কথাও বলতে পারে না। যুদ্ধের পরে সে শুধু হাসতে পারে। যুদ্ধ তার সবকিছু কেড়ে নিলেও হাসি কেড়ে নিতে পারেনি। অভ্যর্থনার সেই হাসির জবাবে, অশ্রু ছাড়া কিইবা দেয়ার আছে মানুষের।
বার বার এই হাসি গুলো আমাকে কাদতে শেখায়। যখন ফার্মগেটে ৮০ বছরের বৃদ্ধ ভিক্ষার থালায় চকচকে ১০ তাকার নোট দেখে হাসে, যখন ডাস্টবিনে আধ খাওয়া রুটি খুজে পেয়ে ৫ বছরের টোকাই হাসে, যখন কিডনি ব্রিক্রি করে বোনের যৌতুক দিতে পেরে সেই ভাই হাসে, আমি তখন হাসতে পারি না। আমি বার বার লজ্জিত হই নিজের কাছে। বার বার হেরে যাই জীবনের কাছে। তবু তারা হাসতেই থাকে। কত শত বছর ধরে তারা হাসতে থাকে। কারন তাদের হাসি দিয়ে তারা মানুষকে বাঁচতে শেখায়... জলভরা চোখে তবু হাসতে শেখায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





