ইতিহাস হল সেই পথ যে পথে শেষ পর্যন্ত ইতিহাসের মানুষরা হেঁটেছে । দুর্ভাগ্যবশত এখানে ফেনিম্যানের ইতিহাসের যোগফলের ধারণা (কোয়ান্টাম বলবিদ্যার আলোচ্য বিষয় ) তেমন কাজে আসে না এবং সত্যি বলতে কি – দার্শনিক Bishop Barkeley এর মত বলে দেয়া যায় না যে আমরা যা দেখছি সবই ভ্রমাত্মক । তাই, মনে হয় ইতিহাস মানে, অন্তত প্রচলিত অর্থে, কিছু ঘটে যাওয়া “সত্যি” ধারণ করে রাখার মত পাত্র , কেউ বিষ মনে করলে করতে পারে ! আমরা পাত্রস্থিত তরলকে বলব ইতিহাসের চরিত্র যা আসলে অনেকটা পাত্রের আকারের উপরই নির্ভর করে – ইতিহাসের চরিত্রগুলো শেপ পায় এভাবেই...।
বাংলাদেশের ইতিহাসের সাথে খুবই জড়ানো দুইটি দেশের নাম হল ভারত আর পাকিস্তান। পাকিস্তানের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাসের বই পড়লে মনে হতে পারে যে আসলে পাকিস্তানের সাথে বাংলাদেশের যা হয়েছে তা আসলে স্বপ্নের মত – শেষ রাত্রে ঘুমে দেখা; পরে ডাইরিতে লিখতে গিয়ে দেখা গেল যে একজনের সাথে আরেকজনের স্বপ্নের পার্থক্য ভালই। ভারতের ব্যাপারটা আরো জটিল। তাঁদের কাছে বাংলাদেশ আর পাকিস্তানের অর্থ সোজাসাপ্টাভাবে বললে “ভারতীয় উপমহাদেশের পতন” ও “দুইটি মুসলিম রাষ্ট্রের উৎপত্তি” ! অথচ লর্ড মাউন্টব্যাটেন সত্যি ছিলেন তিন দেশের জন্যই – কিন্তু যাবার পর ইতিহাসের পাত্রেরা যেন ঠিক নিজেদের আকার রাখতে পারছিল না।অনেকেই বলে থাকেন, তিনিই চেয়েছিলেন ইতিহাসকে এমন করতে – পরিকল্পিতভাবে। গোড়ায় রাজনীতি ছাড়া অবশ্য অন্য কিছু নেই। “ছয় দফা” তাই শেষ পর্যন্ত আমাদের কাছে “বৈপ্লবিক” আর পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে হল “বেয়াদপি”। “ছয় দফা” – সত্যিই বিদ্যমান, কালের ধূলিঝড় এখনও এটাকে ঝাপসা করে নি , কিন্তু নিজেদের মত করে একটা রাজনৈতিক টর্চ আজকাল সব রাষ্ট্রেরই থাকে....।
আমাদের ইতিহাসে আমরা খুব আগ্রহ নিয়ে বেশ কিছু মজার কাজ করেছি। আমাদের রাষ্ট্র স্বাধীনতা লাভ করে ১৯৭১ সালে এটা সত্যি, কিন্তু দুঃখজনকভাবে আমরা ভুলে গেছি যে আমাদের এই অঞ্চলের ইতিহাস কিন্তু আসলে ভারতীয় উপমহাদেশের ইতিহাসেই। এই ভুলে যাওয়ার ব্যাপারটা খানিকটা অঘোষিত অবশ্য – আমাদের নতুন প্রজন্ম ১৯৭১ সাল ধরে সব কিছু চিন্তে করে যায়, তাঁদের কাছে বাংলাদেশ মানেই ব্যর্থ একটা রাষ্ট্র। ১৯৭১ সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আন্তর্জাতিক একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই ১৯২১ সাল থেকেই – এরপরেও আমাদের উন্নতি’র মাপকাঠি আমরা দেখি ১৯৭১ এর সাপেক্ষে। নিজেদের ইতিহাসকে ইচ্ছেমত বিভিন্ন দিক থেকে আলো ফেলে দেখাটাকে অনেকেই ভাল চোখে দেখে – এতে নাকি দেশপ্রেমের ব্যাপারটা ঢুকিয়ে দেয়া যায় বাচ্চাদের মগজে। এই মগজে ঢুকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ইতিহাস আজকে আওয়ামী-বিএনপি’র কাছে খাঁচাবন্দি, বের হয়ে আসতে পারে না অনেক সত্যি কথা !
ইতিহাসকে খাঁচাবন্দি করা শুরু হয়েছে, স্বাধীন বাংলাদেশে – ১৯৭১ থেকেই। খুবই অকৃতজ্ঞের মত ভারতীয় সেনাবাহিনী’র কথা বলা হয় নি – এই রকম একটা ব্যাপার চেপে যাওয়া বেশ ভাল রকমের ধাক্কা। বঙ্গবন্ধু সরকার আর ইন্দিরা সরকার যথেষ্ট ঘনিষ্ঠ ছিল রাজনৈতিক কারনে পুরোপুরি আর তাই ভারতের সাথে সত্যিকারের সুসম্পর্ক কখনই ছিল না আমাদের। ভারতের বড় ভাই সুলভ আচরণ আমরা মেনে নিয়েছি, যেমনটা ছিল ১৯৪৭-এর দিকে পাকিস্তানের প্রতি ভক্তি।পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ভয়াবহ শোষণ চালানোর পর, একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাবার পরে বাঙালিরা রাস্তায় নামছে,তার আগে না। যাই হোক, আমরা ভারতীয় সেনাবাহিনী’র কথা ভুলে যেমন গিয়েছি তেমনি অনেক ভারতীয়দের কাছেও এটা শেষ পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধ। পাকিস্তানের ইতিহাস আরো এক কাঠি সরেস, তাঁদের দৃষ্টিতে আসলে মুক্তিবাহিনী’র সাথে তাঁদের পাঠকাঠি দিয়ে খেলা হয়েছে... যুদ্ধ হয়েছে নাকি পুরোপুরি ভারতের সাথে। যাই হোক, আমাদের দেশে যেভাবে আলো ফেলে ইতিহাস দেখানো হচ্ছে তাতে অনেক বিতর্ক থাকতেই পারে; কিন্তু ইতিহাসকে এভাবে নিজেদের কব্জায় নিয়ে আসার কারনে খুব সঙ্গত কারনেই কিন্তু আদর্শগত বিচ্যুতি ঘটল রাজনৈতিক দলগুলোর। এর পরে যা হবার তাই হল – আদর্শহীন, লক্ষ্যহীন রাজনৈতিক দলগুলো তথা সরকারগুলো আমরা দিনের পর দিন সহ্য করে যাচ্ছি। এই ব্যাপারটা ঘটে যাবার পর ইতিহাস জানে না, দেশকে জানে না – এমন মানুষরাই রাজনীতিতে আসতে থাকলো , প্রধান দুইটি রাজনৈতিক দলে। শুরু হল সীমাহীন লুটপাট – ইতিহাসগত আদর্শ নেই, নৈতিক ব্যাপার ধর্মের উপর ছেড়ে দেবার প্রচেষ্টা সবই ঘটতে থাকলো। ১৯৯৬ সালে শেখ হাসিনা জামাতের সাথে হাত মেলালেন, তারেক জিয়া’র মত ভয়াবহ সন্ত্রাসী প্রায় প্রিন্সের মত চলতে শুরু করল। জামাতের মত দলগুলো যখন মরণ কামড় বসাতে শুরু করল বোমার রাজনীতি নিয়ে তখন আমরা শেষ পর্যন্ত নড়েচড়ে বসলাম ; অনেক কষ্ট করে, ভয়াবহ দুঃসময় পার করার পর মহাজোট সরকার ক্ষমতায় আসলো । অস্বীকার করার উপায় নেই – সরকারের কাছে আশা ছিল জনগণের অনেক বেশি। কিন্তু আগেই বলেছি – ততদিনে আমাদের দলগুলো আদর্শবিহীন, নৈতিক কোন ধারাও আর নেই সাথে। এর ফলে যা হবার তাই হল, “সাধারণ” মানুষ আবার আশা হারিয়ে ফেলল। আজকাল ব্যাপারটা গল্পের সেই রাজ্যের মত , যেখানে রাজা থাকা না থাকা সমান – মানুষ পজিটিভলি সরকারের কোন কাজ দেখতে ভুলে গেছে। আস্থা এতটাই কম যে কোন উন্নয়ন প্রকল্পের কথা আসলে, আমরা একটা আনুমানিক হিসেব করে বসি যে সরকারী লোকজন কত টাকা নিজেদের পকেটে ভরবে !
পৃথিবীতে সেই দেশগুলিই উন্নত যাদের রাজনীতিতে আত্মত্যাগ আছে, যেখানে রাজনীতি মেধাবীদের দ্বারা পরিচালিত হয়। আমাদের দেশে রাজনীতি যারা করছেন এখন, তাদের খুব ভাল সুনাম আছে সন্ত্রাসী হিসেবে নিজ নিজ ক্যাম্পাসে। খুব কম ছেলেমেয়ে, ১-২% রাজনীতি করছে যাদের শতকরা ৯৯ ভাগই একেবারে ছন্নছাড়াভাবে ছাত্র অবস্থা পার করছে। এদের সাথে কেউ সহজে মিশতেও চায় না,ফেসবুকে ব্লক অপশন অনেকে ব্যবহার করে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খুব কম শিক্ষক রাজনীতি সক্রিয়ভাবে করে- বেশিরভাগ শিক্ষক টিকে থাকার জন্য কিংবা সামাজিকতা রক্ষার্থে পক্ষ অবলম্বন করে। তবে এদিক থেকে বামপন্থী সংগঠনগুলো কিছুটা ব্যতিক্রম – কিন্তু এই বেচারারা প্রচুর নির্যাতিত হয়। তাই খুব কম ছেলেমেয়ে এদের সাথে থাকে।ক্ষমতায় আসলে এরাও ছাত্রদললীগের মত আচরণ করবে। কারন যারা দললীগ করতো তারাই আবার তখন সমাজতন্ত্রের ফেনা তুলবে মুখে। আদরশবিহীন মানুষ সব পাতের খাবারই – খেতে পারে, বলা বাহুল্য। যাই হোক, আমাদের দেশে ছাত্ররাজনীতি সম্পূর্ণ ব্যর্থ। অনেকেই বলবেন – এই ছাত্ররাজনীতি বন্ধ করলে ভবিষ্যৎ নেতৃত্ব কিভাবে আসবে, দেশের সমস্যায় নাক গলাবে কারা ? অনলাইনে বসে না থেকে অধিকার আদায় করবে কারা ? রাজনীতি ছাড়া উন্নয়ন কিভাবে সম্ভব ? এসব প্রশ্নের যথাযথ উত্তর দেবার চেষ্টা করছি।
খুব বিনয়ের সাথে বলছি এই ছাত্ররাজনিতি’র সাথে যে শব্দগুলি “কী – ওয়ার্ড” হিসেবে ব্যবহৃত হয়, সেগুলি হল – লাশ, টেন্ডারবাজি, হুমকি, জখম, ফাও খাওয়া, ভাঙচুর ইত্যাদি। বোঝাই যাচ্ছে যে কিসের বিনিময়ে আমরা ছাত্ররাজনীতি করছি। এই ছাত্ররাজনীতির নামেই কিছু শিক্ষক দাবার গুটি’র মত ব্যবহার করে ছাত্রদের।মূর্খ ধরণের ছাত্ররা এসব বুঝেও বুঝে না। ছাত্ররাজনীতি এখন সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে না – এরা বলে নিজ নিজ দলের কথা – সুতরাং অধিকার আদায়ে এদের কথা যারা বলেন, তারা আসলে ঠিক সুস্থ নন মানসিকভাবে...। এই কাজটা খুব ভালভাবে করতে পারবে অরাজনৈতিক ছাত্রসংগঠনগুলি যারা মূলত সাংস্কৃতিক সংগঠন। আমার ধারণা বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞানভিত্তিক যে দুই-একটা সংগঠন সেগুলিও দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে আসবে – যদি রাজনৈতিক ছাত্রসংগঠন না থাকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে – যেখানে ১৯৬১ সালের আইন কার্যকর, সেখানে কিভাবে রাজনৈতিক ছাত্রসংগঠন থাকে তা স্পষ্ট না। সরকারি জায়গায় স্পষ্টত রাজনীতি নিষিদ্ধ। অথচ বুয়েটে রাজনৈতিক ছাত্রসংগঠন একতরফাভাবে হলগুলোতে সাধারণ ছাত্রদের উপর নির্যাতন করছে, তাদের অপছন্দনীয় কিছু বললে চড়-থাপ্পড় খেতে হয়। বুয়েটের আন্দোলন-এ সাধারণ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে আছে ছাত্ররাজনীতি।ছাত্রলীগ। পলাশী থেকে লালবাগ খুব দূরে নয়,লালবাগে ছাত্রলীগের আখড়া। সবাই এদের এড়িয়ে চলতে চায়। ঠিক একই কথা – অন্য বিশ্ববিদ্যালয়গুলির জন্যও সত্য। তাহলে সরকার কি তাদের গুন্ডা দিয়ে আমাদের উপর নির্যাতন করছে না ?
কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা বলি - শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা গেল রোড এক্সিডেন্ট –এ। তারপরের ঘটনা আমরা সবাই জানি, শাহবাগ তো বটেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর গাড়ি ভাঙচুর করা হল। বিশ্ববিদ্যালয়ে হল-এ যে ছেলেরা থাকে তারাই মূলত এই ধরণের কাজগুলি করে। মজার ব্যাপার হল – এই ছেলেগুলি’র সবাই কিন্তু রাজনীতি করে তা না, বরং এদের অনেকেই হলের সাধারণ ছাত্র যারা বড় ভাইদের দেখানো রাস্তা অবলম্বন করে ইচ্ছেমত মানুষের দামি দামি কার থেকে শুরু করে গুলিস্থান – ধামরাই পরিবহনকে রেহাই দিল না। এই ধরণের ঘটনা আরেকটা বলি – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হলে পুলিশ ঢুকল একজনকে গ্রেফতার করার জন্যে। পুলিশ ওয়ারেন্ট দেখাতে পারে নি – খুব সম্ভবত সরাসরি অভিযোগ শুনে চলে এসেছে। ছাত্ররা কি করলো বলি – খুব সুন্দরভাবে পুলিশের সাথে সংঘর্ষ করলো, এরপরে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ১২ ঘন্টা অচল করে দিল। আমার প্রশ্ন হল – রাস্তার এই যাত্রী’দের দোষটা কি ? ওখানে কোন অসুস্থ মা কি ছিল না ? এই অধিকার কে দিল ছাত্রদের ? এই রকম কারন এবং কার্যকরণবিহীন সম্পর্ক কেন হবে ছাত্রদের দিয়ে তা বোধগম্য হাওয়া কঠিন কিছু না। এই শিক্ষা রাজনৈতিক ছাত্রসংগঠনগুলির প্রত্যক্ষ মদদে হয়। রাজনৈতিক ছাত্রসংগঠনগুলি হল ভাইরাস যারা দিন দিন কুরে কুরে খেয়ে শেষ করে দিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো – যেখানে মেধাবি’রা অনেক কষ্ট করে সুযোগ পায় পড়ালেখা করার।সরকারি চাকুরেদের রাজনীতি নিষিদ্ধ করে রাখা হয়েছে , এতে ক্ষতি নেই অথচ ছাত্রদের ব্যবহার করা হচ্ছে কত বাজেভাবে !তাই যখন প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রদের প্রতি কঠোর হতে চাইলেন,যা তিনি কখনও কোন রাজনৈতিক ছাত্রসংগঠন বলেন নি, যারা তাণ্ডব চালায় সুযোগ পেলেই - তখন কিছু বলার থাকে না।
এই কথাগুলি আমরা জানি, এত ভালভাবে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা এই অস্বাভাবিকতায় যে এগুলিকে স্বাভাবিক মনে হয়।
এককথায় ছাত্ররাজনীতি আর উত্তরণের পথ না – এটা আমাদের দেশকে ধ্বংস করার অন্যতম বড় হাতিয়ার। ভোটের সময় গুন্ডা লাগবে রাজনীতিবিদদের – তাদের জন্য শিক্ষিত (!) চালান দিবে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি। দুঃখজনক, নির্মম – কিন্তু বাস্তব কথা। এর চেয়েও বড় কথা – এরাই আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব। এরাই ভবিষ্যতের মন্ত্রি-আমলা। আবার প্রথমেই বলেছি – আমাদের রাজনৈতিক দলগুলোর নীতিগতভাবে কোন আদর্শ নেই, তাহলে সবমিলিয়ে আমাদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে - তা কি আমরা বুঝতে পারছি না ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

