ক্লান্ত এক ছায়া হেঁটে যায় রাস্তা চিরে,
রাতের নিঃশ্বাস গ্রাস করে না তাকে...
এ শুধুই হেঁটে যাওয়া।
আমি তাকে জানতে কিংবা দেখতেও চাই নি।
সত্যি বলতে কি -
আমি, আসলে ওকে ঠিক বিশ্বাসও করি নি।
অথচ মৃণালিনী ভয় পেয়ে উঠত ,
আর ভালবাসত না রাত’কে...
এমনকি জোছনা-কেও না,
যাকে ভালবেসে সে আল্পনা আঁকত পায়ে ।
এক আশ্চর্য পদশব্দ সে শুনে যায় রাতের পর রাত;
ডাক্তার বলে, “স্কিৎজোফ্রেনিয়া” !
আমি তাই চাঁদ হাতে নিয়ে বসে থাকি,
শুধুই মৃণালিনী’র জন্যে।
কিন্তু সে ভালবাসতে থাকে ওই ভেসে আসা শব্দ।
কিংবা ওই হেঁটে যাওয়া মানুষটাকেই...।
আমি ভাবি নি – বিশ্বাস করুন...
আজকাল আমি তাই দু’জোড়া পায়ের অস্তিত্ব টের পাই,
মাঝরাতে।
আমি চাঁদ নিয়ে বসে থাকি কার্নিশে,
একা, নিতান্তই অকারণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

