১.
দেখতে দেখতে আওয়ামী মহাজোট সরকারের চার বছর কেটে গেল। ওয়ান-ইলেভেনের পর রাজনীতির প্ল্যাটফর্ম পোক্ত হয় নি বরং আরেকটা ওয়ান-ইলেভেন আসবে কি না, তার প্রতীক্ষা করছে দেশের মানুষ। শেষ সময়ে এসে মানুষ একদিকে আওয়ামী শাসনে পুরোপুরি হতাশ হয়ে পড়েছে অপরদিকে তাদের প্রতিপক্ষ জামাত ও জামাতের মদদদাতা বিএনপি বলে বিকল্পেও ঠিক ভরসা পাচ্ছে না।
ওয়ান-ইলেভেনের পর সরকারের পালাবদলটা ছিল খুব প্রত্যাশিত – মানুষজন জামাতের ধর্মভিত্তিক রাজনীতি পুরোপুরি প্রত্যাখান করে, বয়কট করে তারেক জিয়ার মত উদীয়মান খেয়ালি দুর্নীতিবাজ নেতাকে। দেশ থেকে ব্যাপকহারে সংখ্যালঘু বিতাড়ণ, বোমার সন্ত্রাসের চূড়ান্ত বিকাশ, বাংলা ভাইদের উত্তরণ, আকাশছোঁয়া দ্রব্যমূল্য,হুমায়ূন আজাদদের নিপিড়ন, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত প্রশাসন আর দলীয়করণের চরম উদাহরণ সৃষ্টি করে সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী করে ফেলেছিল বিএনপির তৎকালীন চারদলীয় জোট সরকার। এরপর বিএনপি’র এই জোট আবার ক্ষমতায় আসার জন্যে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করতে থাকলো, এর ফলাফল হল ওয়ান-ইলেভেন। সারা দেশের মানুষ ঘর-দরজা বন্ধ করে চ্যানেল পাল্টাচ্ছিল কতজন কিভাবে মারা যাচ্ছে রাস্তায় সেটা দেখার জন্যে। লগি-বৈঠা নিয়ে ব্যাপক হাঙ্গামা হল, আর দেশ হয়ে পড়ল পুরো অচল। একেবারেই অনিশ্চিত সময় ছিল সেটা ; তত্ত্বাবধায়ক সরকারের মেম্বাররা দফায় দফায় সমালোচনা করেন আর মাথা নাড়েন, এরপর একসময় পদত্যাগ করেন। ফেসবুক বা ব্লগেরও যুগও ছিল না সেটা। কিন্তু সবাই তারপরেও বুঝত সমস্ত দেশবাসীর অস্থিরতার ব্যাপারটা। যাদের ন্যূনতম স্মৃতিশক্তি আছে, তারা সবাই জানেন কত অনিশ্চিত সময় ছিল...। ফ্রাঙ্কেনস্টাইন হতে থাকা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফকরুদ্দিনের সরকারও একসময় বিদায় নিল। তবে তিনি আবিষ্কার করে গেলেন বনের রাজা ওসমান গণিকে( জানি না উনি এখন কই আছেন !) আর মিডিয়ায় তিনি নিয়মিত একটা দৃশ্যের সৃষ্টি করলেন ; বালিশ কিংবা মাটি,পুকুর – সবখানেই থাকতে পারে আমাদের সঞ্চয়, ব্যাংক সব সময় নিরাপদ না... আর তাই ওসব জায়গা থেকে বের হতে লাগল নগদ টাকা আর গ্রামদেশে বাড়ি করার জন্যে টিন। বেশ নায়কোচিতভাবে ক্ষমতাশালী লোকদের জেলে পুড়ে তিনি হিন্দি ছবির নায়ক বনে গেলেন। বলা বাহুল্য, এসব নাটকের পিছনের গল্প বের হয়ে আসলো একসময় এবং মানুষ সেই গণতন্ত্র চাইলো যেখানে মাইনাস টু ফর্মুলা নেই ! আর তাই চালকের আসনে বসলো আওয়ামী লীগের মহাজোট সরকার। প্রথম দিকে তাদের পক্ষে জনগণ, মিডিয়া সবই ছিল এবং সঙ্গত কারনেই সবাই আশা করে বসেছিল একটা যুগান্তকারী পরিবর্তনের। আওয়ামী লীগ মনে হয় এই প্রত্যাশার চাপেই তাল হারিয়ে ফেলল। নবীন মন্ত্রীসভায় হতাশ হল পুরনোরা। যদিও কিছু চমৎকার পদক্ষেপ নেয়া হল – শিক্ষা ব্যবস্থায় সৃজনশীলতার আনয়ন, যুদ্ধাপরাধীদের বিচার ইত্যাদি ; ক্রমেই সেই দুর্নীতি আর অদক্ষ প্রশাসন ব্যবস্থার চিত্র সামনে আসতে শুরু করল আবার। সাগর-রুনি, ইলিয়াস খান, ছাত্রলীগ, পদ্মা সেতু, হলমার্ক – এসবে টালমাটাল বর্তমান সরকার। আবার সেই দলীয়করণের উদাহরণ ব্যাপকভাবে আসতে শুরু করল খবরের কাগজে। জঙ্গিবাদের দমন হলেও ছাত্রলীগে অতিষ্ঠ শিক্ষাঙ্গনগুলো। সবমিলিয়ে আবারও লোকাল বাসে ঝুলতে থাকা মধ্যবিত্ত সমাজের হতাশা ছড়িয়ে পড়েছে সবখানে। সত্যি বলতে কি, ফেসবুক আর ব্লগে নিউজ শেয়ারে মানুষের হতাশা স্পষ্ট হয়ে উঠেছে একেবারেই।
২.
আমরা সাধারণ জনগণ জানি না, প্রধানমন্ত্রী আসলে কি ভাবছেন এই মুহূর্তে , উনি সবখানেই পুরনো রেকর্ডের মত বাজিয়ে চলছেন কিছু কথা। কোথাও বলছেন অসাম্প্রদায়িকতার কথা আবার কোথাও মুসলমানদের সন্তুষ্ট করতে ইসলামের মহাত্ম নিয়ে কথা। দেশের ব্যাপক উন্নয়ন নিয়ে তাঁর কথা বিটিভি ছাড়া সবখানেই দায়সারাভাবে দেয়া হয়। বিএনপি-জামাত বিরোধী স্বাধীনতার চেতনা নিয়ে বক্তব্য পুরনো হয়ে গেছে জনগণের কাছে, তারা চায় দেশের অগ্রগতি।লেবু বেশি কঁচলে তিতা হয় – আওয়ামী সরকার সেটাকে বানিয়ে ফেলেছে কুইনাইনের থেকেও তিতা, যা নিতান্তই বাধ্য না হলে কেউ খেতে চায় না। যুদ্ধাপরাধীদের বিচার নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ যা সম্পন্ন করার জন্য আওয়ামী মহাজোট সরকার জনগণের কাছে ভোট চাইতেই পারে, কিন্তু যখন জনগণ নিজেদের চারপাশে দুর্নীতিতে নিমজ্জিত একটা সমাজ ব্যবস্থা দেখতে পায় – যুদ্ধাপরাধীদের বিচার হয়ে ওঠে তাদের জন্য লোকদেখানো ইস্যু। একথা মিথ্যে নয় যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তিই পরবর্তীতে জামায়াতে ইসলামী নামে আত্মপ্রকাশ করে এবং বিএনপি বর্তমানে এর প্রধান পৃষ্ঠপোষক। তাই যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় যাদের দেখা যাচ্ছে – তারা স্বভাবতই জামাতপন্থী... অথচ একটা ভ্রান্ত ধারণা বহির্বিশ্বে প্রচার করা হচ্ছে যে সরকার তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে এই সমস্ত আয়োজন করছে । ব্যাপারটা প্রচার করা হয়েছে আমাদের নতুন প্রজন্মের কাছেও, তারাও এটাকে দেখছে নোংরা রাজনীতির মারপ্যাঁচ হিসেবেই যা দুঃখজনক। আওয়ামী মহাজোট সরকারের আরেকটা ইন্টারেস্টিং পদক্ষেপ হল নাতি/নাতনীদের জন্যেও মুক্তযুদ্ধ কোঠা চালু করা। এই কোঠা ব্যাপারটা পৃথিবীর আর কোন দেশেই কিন্তু এভাবে নেই। নাতি/নাতনী’র কোঠা দিয়ে সরকার যে শুধু বিশ্বরেকর্ড করেছে তা না, এই প্রজন্মের পর আরেকটা প্রজন্মকে অদক্ষ প্রশাসনে পরিণত করতে যাচ্ছে। দেশে চাকরির বাজারের যে অবস্থা তাতে ৫৫% কোঠা আর লবিঙের মারপ্যাঁচে পড়ে আরও ২৫% আত্মীয়-স্বজন/ ছাত্রলীগ কোঠা নতুন প্রজন্মের মেধাবীদের ঠেলে দিয়েছে তীব্র নয়, মোটামুটি অমানবিক এক কম্পিটিশনে।
সবমিলিয়ে আমাদের রাজনীতি আসলে কিছু পুরনো কিছু খিস্তির পুনরাবৃত্তি – নতুন কিছু নেই।
আদর্শবিহীন রাজনীতি- এর সাথে যোগ হয়েছে নতুন একটা মাত্রা, সুবিধাবাদী একটা শ্রেণী গড়ে উঠেছে যারা সমস্ত অন্যায়কে হালাল করে সমাজে স্বাভাবিক প্রথা বানিয়ে ফেলেছে। যে ছাত্ররাজনীতি ভবিষ্যৎকে গড়বে, তা আজ পুরোপুরি নষ্ট হয়ে গেছে দলীয় লেজুরবৃত্তির কারনে। খুব স্পষ্ট করে বলে দেয়া যায়, এটা গ্যাংগ্রিনে আক্রান্ত অঙ্গ যা কেটে ফেলা ছাড়া আর উপায় নেই। ছাত্র সমাজের এমন একটা অংশ আজ ছাত্রলীগ/দল করছে – তাদের বিশ্ববিদ্যালয়ের সকলেই এড়িয়ে চলতে চায় – অথচ ছাত্ররাজনীতি হতে পারত ছাত্রদের অধিকার আদায়ের আর দেশের সকল দুর্নীতির বিপক্ষে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এরকম আদর্শহীন, নৈতিকতাহীন ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক চিত্র বাংলাদেশের আজ নিয়তি হয়ে পড়েছে। ব্যাপারগুলো আমরা শুধু যে মেনে নিয়েছি, তা নয় – খুব ভালভাবে স্বীকৃতিও দিয়ে ফেলেছি। যে কোন কাজের জন্যে সরকারি লোকদের টাকা দেয়া আর ঘুষ নয়, অভদ্রতা।
আন্তর্জাতিক অঙ্গনে মূল্যয়ন পাওয়া তো দূরের কথা এখনো আন্তর্জাতিক রাজনীতির খেলার গুটি এই দেশ। ১৯৭১ সালে বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এখনও আদতে ব্যাপারটা তাই, প্রভাব কমেছে মাঝখান থেকে সোভিয়েত রাশিয়া আর তা সঙ্গত কারনেই। মাঝখান থেকে আমরা আজকাল পুরোপুরি ভারতমুখী রাজনীতির সূচনা করেছি; ব্যাপারটা এমন – ভারত আমাদের সরকার নির্বাচিত করবে। জনগণ তো অনেক পরের কথা, স্বয়ং রাজনীতিবিদরা আজকাল আজমীর শরিফে যান দোয়া ও দাওয়া – দুই’য়ের জন্যেই।একটা দল ক্ষমতায় আসার জন্যে পুরোপুরি তার রাজনৈতিক আদর্শের বিপরীতে কথা বলছে।ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেয়ে যে দলীয় উন্নয়নের জন্য যাওয়া, তা তাদের মুখের লোভী গ্রাস দেখে স্পষ্ট। ব্যাপারটা একটা দেশের জন্যে যে কতবড় লজ্জার তা জনগণ হিসেবে আমরা টের পেলেও নেতৃস্থানীয় কারও মাথাব্যথা নেই !
সমস্যা হল – আমরা একটা আসলেই ভাল সরকার আশা করতে পারি না একারনেই যে সরকার আমাদের মত ঘুণে ধরা মানুষ দিয়ে গঠিত এবং তাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ চরমভাবে। আমরা যে সরকারেই নির্বাচিত করি না কেন; সরকারের লোকজন দলীয়প্রীতি ও সন্ত্রাস লালন করবে এবং দুর্নীতি করবে। কারন সরকার একটা ব্যবস্থা যা নির্মাণ করে সমাজেরই মানুষ। আমাদের সমাজের মানুষেরা, যারা নৈতিকভাবে সি গ্রেড প্রাপ্ত তারাই আজকাল রাজনীতি করতে আসেন, তাদের নীতির বা আদর্শের কোনটারেই বালাই নেই। খুব কম মানুষই আদর্শ ধরে রেখে রাজনীতি করতে পারেন। এসব মানুষকে আমরা যারা বাধ্য হয়ে বিকল্প না পেয়ে ভোট দেই, আমাদের মনে রাখা উচিত যে এই মানুষগুলি মুক্তিযুদ্ধ বা কোন দেশপ্রেমের কোন আদর্শ বহন করে না। এরা আসে পাঁচ বছর টাকা উপার্জনের জন্যে, সোজা কথায় চুরির জন্য ! তাই যখন বলা হয় যে আওয়ামীলীগ বা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর মোড়ক ভিন্ন হলেও ভিতরে ওই তিব্বত-৫৭০, তা মোটেও মিথ্যে কিছু নয়।
এর মূলে সবচেয়ে বড় যে ব্যাপারগুলি দায়ী তা হল আমাদের শিক্ষাব্যবস্থা, অদক্ষ একটা প্রশাসন যাদের পেশাদারিত্ব মোটেও নেই ও আমাদের অল্পতে তুষ্ট হবার মানসিকতা। এগুলো একটা অপরটার সাথে জড়িয়ে আছে ভালভাবেই। আর এই সব কিছুর পিছনে দায়ী আমাদের অর্থনৈতিক দূরাবস্থা। আমাদের শিক্ষাব্যবস্থা এখনো এমন যা আমাদের সমাজ ও বিজ্ঞান – দুই সম্পর্কেই অন্ধ করে রাখে। একটা শিশু এখানে পরাশুনা করে পরীক্ষায় ফার্স্ট-সেকেন্ড বা এ প্লাস পাওয়ার জন্যে। পরিবার আশা করে তাদের ছেলেমেয়ে এমন কোথাও পড়াশুনা করবে, যা টাকা উপার্জনে সহায়তা করবে। ব্যাপারটার চূড়ান্ত বিকাশ হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ যেগুলি অর্থের বিনিময়ে শিক্ষাটাকে পুরোপুরি স্বাভাবিকে রূপান্তর করেছে। যদিও শিক্ষার মূল উদ্দেশ্য হল এমন একটা মনন গঠন করা যা সমাজের ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতন হবে এবং অবশ্যই নৈতিকভাবে সচেতন করা – আমাদের এখানে তেমন কিছুই হচ্ছে না। বিজ্ঞানে পড়া ছাত্র খুব আগ্রহ নিয়ে যদি হোমিওপ্যাথির চিকিৎসা নেয় কিংবা কুরআনের কথা অনুযায়ী নারীদের মূল্যয়ন করে – তাহলে আর কিছু বলার থাকে না। তেমনি দেশের মানুষ গণতন্ত্র বলতে বুঝে পাঁচ বছর পর পর ভোটাধিকার মাত্র ! দেশে এখনো মাদ্রাসা শিক্ষা নামের খুব অদ্ভুত এক শিক্ষাব্যবস্থা আছে, সেটা আসলে গরীব এতিম কিছু ছেলেমেদের জন্যেই, যারা ফ্রি’তে প্রাইমারী স্কুলে না গিয়ে এতিমখানা বা মাদ্রাসাতে যায় আশ্রয়ের জন্যে।দেশের উচ্চবৃত্ত সমাজ দুর্নীতির টাকা আবার হালালে পরিণত করার জন্য এতিমখানায় টাকা দেয় যদিও নিজেদের ছেলেমেয়েদের পড়ায় ইংলিশ মিডিয়ামে। আমাদের শিক্ষকদের যা বেতন দেয়া হয়, তা খুবই কম। ফলে যারা মেধাবী নন, তারাই অপেক্ষাকৃত বেশি আসছেন শিক্ষকতার মত একটি মহান পেশায়। এভাবে ধ্বংস করে দেয়া হয়েছে শুধু শিক্ষা না, প্রতিটি ক্ষেত্র কেননা এই শিক্ষাব্যবস্থার উপর ভিত্তি করে প্রফেশনালিটি/পেশাদারিত্ব আসা দরকার আর আমাদের শিক্ষাব্যবস্থা পেশাদারিত্বের শিক্ষা দেয় না। পেশাদারিত্ব কথাটার মানে হল এই যে নিজের কাজটা ঠিকভাবে সম্পন্ন করা অর্থাৎ পেশার প্রতি দায়িত্ববোধ। পঙ্গু আর্থসামাজিক অবস্থা পেশাদারিত্বের ধারেই ঘেঁষতে দেয় না ! যদি আমরা সকল ক্ষেত্রেই পেশাদারিত্ব আনতে পারি, তাহলে অনেক কিছুই সহজ হয়ে পড়তো।আরেকটা ব্যাপার নিয়ে বলা হয় নি – অল্পতে সন্তুষ্ট হবার ব্যাপারটি। আমরা আমাদের রাষ্ট্রব্যবস্থা থেকে বঞ্চিত হতে হতে আজ এমন জায়গায় এসে পৌঁছেছি যে আমরা সব ধরণের অন্যায় মেনে নিতে পারি; প্রথমদিকে একটু কষ্ট হয়, তবে পরে গা-সওয়া হয়ে ওঠে !
৩ .
এই ব্যাপারগুলো একদিনে পরিবর্তন হবার মত নয়। এই মুহূর্তে দরকার সবার প্রথমে ঐক্যমত। প্রধান বিরোধীদলগুলো ও বামপন্থী দলগুলোর প্রধানেরা অন্তত – সবাই যদি জাতীয় ইস্যুতে এক হতো অন্তত তাহলে এই দেশের অর্ধেক সমস্যা কমে যেতো। দেশের অভ্যন্তরীণ ঐক্যমত খুব প্রাথমিক একটা চাহিদা – যে কোন দেশের উন্নয়নের জন্য। এই সাধারণ কথাটা না বুঝে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের না, পুরো দেশের মানুষকেও প্রধানত, মোটা দাগে, দুইভাগে ভাগ করে ফেলেছেন ! ইতিহাসে এমন বিভক্ত জাতি(যেমন পোল্যান্ডে এই সমস্যা ছিল বলে গত কয়েক শতাব্দীতে পোল্যান্ড বিভিন্ন দেশ দ্বারা শাসিত হয়েছিল এবং এই দেশটাকে বিভিন্ন দেশ পর্যায়ক্রমে দখল করেছিল) কখনও মাথা তুলে দাঁড়াতে পারে নি।
যুদ্ধাপরাধ ও জামাত ইস্যু, বৈদেশিক নীতি – এসবে প্রয়োজন ঐক্যমত। শিক্ষাক্ষেত্র,বাণিজ্য, প্রযুক্তি – এসবে প্রয়োজন দক্ষ ও মেধাবী জনবল । বাংলাদেশে অনেক মেধাবী ছেলেমেয়েরাই আছে, যাদের কর্মক্ষেত্রে দেশে নেই; এই কর্মক্ষেত্রগুলো সৃষ্টি করতে হবে একদিকে, অন্যদিকে প্রয়োজন দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ। আমাদের বোঝা উচিত যে আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি – আমাদের গৃহযুদ্ধ করে আর পিছিয়ে পড়া উচিত হবে না। সবাইকে নিজ নিজ পলিটিক্যাল স্ট্যান্ড থেকে ছাড় দিতে হবে। দলীয় নয়, মেধার ভিত্তিতে মূল্যয়ন হোক। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িক চেতনা দূরীকরণে দরকার সচেতন সমাজের প্রচারণা। বিশ্ববিদ্যালয়গুলো হয়ে উঠুক গবেষণার ও জ্ঞান চর্চার সবচেয়ে কার্যকর ক্ষেত্রে।
এসব কিছুই স্বপ্ন, অস্বীকার করতে পারবে না কেউ। তবু মনে ক্ষীণ আশা – সত্যি সত্যি একজন নেতার আবির্ভাব হবে বাংলাদেশে, বঙ্গবন্ধুর পুনর্জন্মেও আপত্তি নেই। বাঙালি বা বাংলাদেশের রেনেসাঁ বলে কোন কিছু হয়তো সত্যি সত্যি অপেক্ষা করছে আমাদের ইতিহাসে প্রবেশের জন্যে। রাজনৈতিক দলগুলো আর কতকাল এই অপেক্ষাকে দীর্ঘায়িত করবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

