মোটা দেয়ালের দালানগুলো, ভেতরের মানুষ ছাড়া
ক্ষণিকের জন্যেও ভাবেনা বাহিরের বিষণ্ণতার কথা,
রেললাইনের মতো বয়ে চলা বৈদ্যুতিক তারে, দৃষ্টিগুলো দ্বিখণ্ডিত হয়ে আছরে পরে ;
ইস্পাতের বাহনগুলোর নিঃশ্বাসে নির্গত কার্বনে
অভাগা আকাশ দিগন্ত থেকে দূরে সরে যায়।
আজ আবারো ছুঁই ছুঁই সন্ধ্যা নেমেছে;
পথে পথে রমণীদের আশ্চর্য ভঙ্গিমা।
দাড়িয়ে থাকার ক্লান্তি নিয়ে বৃক্ষগুলো বাঁধা নৌকোর মতো ঝিমুতে বসেছে,
বুকের গভীরে গুটিয়ে নিয়েছে ছায়া।
পায়ে হাটা পথগুলো মানুষের পদ ভারে নুয়ে গেছে নিভৃতে।
আমি একজন অখ্যাত পথিক,
ভাবনার ম্যানগ্রোভ অরণ্য পাড়ি দিয়ে, অস্ট্রেলিয়ার মতো আবিষ্কার করেছি হঠাৎ;
পথের ধুলোয় পড়ে থাকা এক গুচ্ছ টক টকে লাল রক্ত
যেন হোঁচট খেয়ে পড়ে আছে অনন্তকাল, আঙুল ধরে উঠাবার কেউ নেই;
আপত্তি নেই কোন পথিকের,
কোন প্রশ্ন নেই কার সত্ত্বাধিকারী তুমি !
হয়তো এখন রক্ত মানেই ফেলে দেয়া প্রসাধনী
অথবা নিষ্ক্রিয় বিস্ফোরক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



