পৃথিবীর বায়ুমণ্ডল আহার যুগিয়েছে আমায়;
তৃষ্ণা কাতর প্রার্থনায় ঝরে জলের বর্ষণ।
বর্ণের তফাৎ আর প্রাচুর্যের মানদণ্ডে বিভক্ত সকল মানচিত্র,
অথচ মৃত্তিকাই এর মৌলিকতা।
একই নাবিক পৃথিবীর উঠোনে ফলায় ফসল ।
একই মানুষ সম্পর্ক বোনে স্পর্শের সুতোয় ।
যে গ্রহে মানুষ নেই কোন, মাটির গন্ধ নেই কোন,
দূর থেকেই হোক আলোকিত রাত্রির সামিয়ানায় ।
আমি মাটির আলো চাই, মানুষ আশ্রিত পৃথিবী চাই।
পৃথিবী আমার দোলন চাপার দোতলা বাড়ি;
উপর তলায় দোল খেয়ে যাই জীবনের যাবতীয় বাসনায়,
নিচের তলায় মিশে যাই নিভৃতে অনন্ত যাত্রায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



