এই যে,
আপনাকে বলছি,
একটু শুনবেন?
৮০ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও ৯ তলা ভবনের কংক্রিটের ভার বুকে নিয়ে কারা বেঁচে আছে?
কে দিল জন্ম এই ধ্বংসস্তুপের ভেতরে চাপা পড়েও - কয়েকজন নবজাতকের ?
কারা বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে স্বেচ্ছায় কাঠ কাটার করাত দিয়ে নিজের হাত কেটে বলার মত সাহস রাখে ?
কারা ভেতরে আটকে থেকে কলমে লিখেছে, “মা, দোআ কর... যদি আর না ফিরি”, কারা চার্জ ফুরিয়ে যাওয়া মোবাইলে বলার চেষ্টা করেছে বারংবার , “আমার সন্তানটাকে দেখে রেখো, ওর ভালো’র জন্যেইতো জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসা!”
কে সে ? কংক্রিটচাপায় আটকে থেকেও বেঁচে থাকার শেষ লড়াই করে গেছে?
কারা নিদারুণ মরে যেতে যেতে আমাদের বেঁচে থাকা সুবিধাবাদিদের বিবেকে লাথি মেরে গেছে?
হাড়ভাঙ্গা খাটুনি আর আধাপেটা খাওয়ার পরেও কে দিয়েছে তাদের এত প্রাণশক্তি?
বলতে পারেন,
এই মানুষগুলোই কী দিনের পর দিন অমানুষিক সস্তা শ্রম দিয়ে সব কিছু সহ্য করে গার্মেন্টস্ মালিকদের ক্রীতদাসে পরিণত হয়েছে দিনে দিনে?
এরাই কী জীবনের ঝুঁকি নিয়ে নিরবে রোবটের মত শুধু চাকুরী বাঁচাতে মালিকপক্ষের লাটিপেটা খেতে খেতে ঢুকেছিল ওইদিন সকালে সেই মৃত্যুউপত্যাকায়?
অথবা,
নিজের বোনকে লাশ হয়ে ঝুলে থাকতে দেখেও কোন ছেলেটি উদ্ধার করে বের করে এনেছে ৮ জন জীবন্ত মানুষ?
কোন স্বার্থ নিয়ে ওই রাতেই গণজাগরণমঞ্চে রক্ত দিতে ছুটে গিয়েছিল হাজার হাজার তরুণ?
কিসের আসায় জীবনের ঝুঁকি নিয়ে অশিক্ষিত-আধাশিক্ষিত অথবা ছাত্র অথবা গড়পরতা মানুষ ঢুকে ঢুকে বের করে আনছিল লাশ অথবা জীবন্ত কাউকে ?
কারা যোগাড় করেছিল ছোট ছোট অক্সিজেনের ক্যান, খাবার, টর্চ ?
কোন লোভে ফায়ার ব্রিগেডের কম বেতনের কর্মচারীটি দূর্গতদের উদ্ধার করতে করতে অজ্ঞান হয়ে পড়েছিল?
কিসের আসায় সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েও ফিরে যেতে চাইছিল বারবার সেই মৃত্যু গহ্বরে - “আমি কথা দিয়ে এসেছি ভেতরে আটকে থাকা কয়েকজনকে, আমাকে যেতেই হবে” এই আকুতি করে ?
চিকিৎসাবিদ্যায় পড়তে আসা কোন তরুণ অথবা তরুণী এই মানবিক বিপর্যয়ে মুমূর্ষ রোগীকে বাঁচাতে হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার ?
কী বলবেন ?
ভোটের জন্য?
সেলিব্রিটি হওয়ার জন্য ?
রাজনৈতিক সুবিধায় আঙ্গুলফুলে কলাগাছ হওয়ার জন্য?
“না”
এই বিপুল প্রাণশক্তির কাছে
এই নজিরবিহীন মানবিকতার
এই সাহসের কাছে
এই বিবেকের কাছে
এসবই তুচ্ছ! তুচ্ছাতিতুচ্ছ !!
সাবধান, রাজনীতিবিদগণ
সাবধান, অধিক মুনাফালোভী শিল্পপতিগণ
সাবধান, দলকানা সুশীল সমাজ
সাবধান, ধান্দাবাজ কর্পোরেট মিডিয়া
মনে রাখবেন,
................ মানুষের বিপদে
.........................মানুষের পাশে
................................... শেষ পর্যন্ত দাঁড়ায়
................................................. মানুষ !
একবারও কী ভেবে দেখেছেন
ধ্বংসস্তুপের ভেতরে জন্ম নেওয়া নবজাতকেরা কোন বার্তা দিয়ে গেল?
একটু শোনার চেষ্টা করুন,
মিথ্যাচারিতা রাখুন,
একটু নেমে আসুন মানুষের কাতারে
তাহলেই শুনতে পাবেন,
সাভারের মৃত্যুপুরীতে
অধরচন্দ্র বিদ্যালয়ের প্রতিটি প্রকোষ্ঠে
সারাবাংলাদেশের মানুষের বুকের ভেতরে
কারো শেষ নিঃশ্বাসে ভারী হয়ে আসা গুমোট বাতাসে ভেসে আসছে সেই পুরনো কথা :
“তোমাকে বধিবে যে, গোকূলে বাড়িছে সে !!!!! ”
.............“তোমাকে বধিবে যে, গোকূলে বাড়িছে সে !!!!! ”
..............................“তোমাকে বধিবে যে, গোকূলে বাড়িছে সে !!!!! ”
.........................................“তোমাকে বধিবে যে, গোকূলে বাড়িছে সে !!!!! ”
সাবধান!
ইতিহাস কাউকে ক্ষমা করে না
প্রকৃতি প্রতিশোধ নেবেই......
আশরাফ শিশির -এর স্ট্যাটাস থেকে সংগৃহীত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


