
তারপর-
একদিন সব কবিতারা থেমে গেলে
আমি চোখ খুলে রাখলাম অলকানন্দার চোখে
অন্ধ নাবিকের মতো ছুটে চললাম নিরভিমান এক শহরের দিকে।
অনুভবে জেনে নিলাম কল্পরা এখানে রোজ গল্প হয়ে ভাসে,
ভ্রমর আর মীনফুল খেলা করে জলের বিশ্বাসে।
ভেবে ভেবে অনুভবে
আফসোস আমার ঠোঁটের মাঝখানে এসে ঝুলে রইলো,
অথচ একদিন আমি কৃষ্ণচূড়া হতে চেয়েছিলাম-
সেইসব দিনেরা আজ ক্ষত!
আজ পথ চলে যাচ্ছে পথের দেশে, ধূপ-রুপ, প্রদীপের বেশে
অথচ, একদিন আমি রথ হতে চেয়েছিলাম।
সেইসব দিনেরা আজ ঘুমে গত
আজ অকারণ উন্মাদনা,
অনুযোগ, অভিমান, ক্রন্দনরত গান
আমাকে পরিণত করেছে রঙহীন পাথরের এক অদ্ভুত গাছে
একদিন শ্রীহীন সব শব্দ লুকোতে চেয়েছিলাম,
সবুজ স্বর্গ পাথর আর বালির ভাঁজে একটা শহর এঁকেছিলাম।
এমনি এক যন্ত্রণামুক্ত নিরভিমান শহর!
অথচ-
অনেক অভিমানে অভিমানি হয়ে
সে শহর থেমে আছে আজ অলকানন্দার কাছে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


