রাজনীতি বিষয়ে আমাদের অধিকাংশের চিন্তাভাবনা এখনো সামন্তবাদী যুগের। এদেশে নেতার বউ, ছেলে, মেয়ে নেতা হিসাবে আবির্ভুত হন, পার্টি কালচার তাদেরকে কেন্দ্র করে নানান কিসিমের বাহুবলের রাজনীতি করে, ডাইনেস্টিক নেতৃত্বের মধ্য দিয়ে এইদেশের জনগণ গণতন্ত্রের স্বপ্ন নির্মান করতে চায়। এদেশের গণতন্ত্রে বিরোধী দল মানে কথায় কথায় হরতাল, সরকারি দল মানে কথায় কথায় দমন নিপিড়ন। বিরোধী দলের রাজনীতি হলো সহিংস সন্ত্রাস, পুলিশের সাথে মারামারি, আর তীর্থের কাকের মতো একটা লাশের জন্যে অপেক্ষায় থাকা। ১টা লাশ পরলে হরতাল ডাকা যাবে, ২টা পরলে টানা হরতাল, আর ৩/৪টা পরলে তো কথাই নাই, হরতাল অবরোধের পিকনিক চলবে তখন রাজপথে। সংসদে বসে দেশের উন্নয়নের জন্যে, অগ্রগতির জন্যে, সারাদেশের জন্যে ভালো কোন ইস্যু বাস্তবায়নে এই দলগুলোর মধ্যে সুস্থ্য রাজনৈতিক প্রতিযোগিতা হয়না।
শাহবাগে রাজনীতি আছে। শাহবাগে প্রতিনিয়ত রাজনীতি হচ্ছে। সেই রাজনীতিতে বিভিন্ন গোষ্ঠির মধ্যে সমস্বার্থ ও দাবি আছে, সেই রাজনীতিতে মতবিরোধীতা আছে, ক্ষমতার দ্বন্দ আছে, বিভিন্ন দলের মাঝে প্রতিযোগিতা আছে। শাহবাগে আউটার পলিটিক্স এবং ইনার পলিটিক্স দুইটাই উপস্থিত। শাহবাগের এই বহুমাত্রিক রাজনীতি ধারণ না করা গেলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত অন্ধকার। সামন্তবাদী চিন্তা ভাবনা দিয়ে এই রাজনীতির মূল্যায়ন যারা করছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির যে অসামান্য সুযোগ আমাদের সামনে এসে হাজির হয়েছে তা ধরতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারনে সামন্তবাদী রাজনীতির প্রতিভুরা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির মঞ্চ থেকে হাড়িয়ে যেতে পারেন, সেটা না হলে বাংলাদেশই হারিয়ে যাবে এমন আশংকা করি।
সরকারি সাপোর্টের বিষয়ে যারা কথা বলেন, তারা রাজনীতি বলতে শুধু সামন্তবাদী সহিংস রাজনীতিই বোঝেন। সংসদে কি সহিংসতা আছে? সংসদে কি দল মত নির্বিশেষে সাংসদরা সরকারী নিরাপত্ত্বা পান না? পান, এই নিরাপত্ত্বা তাদের প্রাপ্য। শাহবাগের আন্দোলনকারীরাও তাদের প্রাপ্য নিরাপত্ত্বা পাচ্ছে। এইটা তাদের আদায় করে নিতে হয়েছে, এমনি এমনি তারা পায় নাই। কিছুদিন আগে যখন সিপিবি-বাসদ এবং গণতান্ত্রিক বাম মোর্চা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও আরো কিছু জাতীয় ইস্যুতে হরতাল ডাকলো তখনো এইরকম অভিযোগ উঠেছিলো যে তারা সরকারী সাপোর্টে আন্দোলন করছে। সহিংসতা হইনি বলে সেই আন্দোলন তার মর্যাদা হারিয়েছে এই হলো সমালোচনার বটমলাইন। এইখানের রাজনীতিটা বুঝা দরকার। যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের একমাত্র ইস্যু যেই ইস্যুটা কেন্দ্র করে তারা প্রায়ই নিজেদের মুখরক্ষা করেন, রাজনৈতিক কর্মকান্ডের বৈধতা দাবি করেন। সেই ইস্যুতেই যখন কেউ আন্দোলন করে সরকারের পক্ষে তখন তার উপরে মারমুখি হওয়া আত্মহননের সামিল, এই সহজ রাজনীতিটা যারা বোঝেন না, তাদেরপক্ষে আসলেই গণতান্ত্রিক রাজনীতি বোঝা সম্ভব না। সামন্তবাদী সহিংসতা যাদের কাছে গণতন্ত্র তাদের কাছ থেকে গণতান্ত্রিক রাজনীতির পাঠ ভবিষ্যত প্রজন্ম নেবেনা। শাহবাগের বিষয়টাও এমনি। সরকার চাইলেও এই আন্দোলনের উপর মারমুখি হতে পারবেনা। তাই তারা কি করছে? এই আন্দোলনে আওয়ামীলীগের যে সংগঠন এবং ব্যক্তিরা আছেন তাদের মাধ্যমে আন্দোলনটাকে নিজেদের জন্যে স্বস্তিদায়ক পর্যায়ে রাখার চেষ্টা করছেন। আওয়ামীলীগের বাইরে যারা আছে তারা কি করছে। বামরা চাইছে গণতান্ত্রিক কায়দায় নিজেদের প্রতিনিধিত্ব বহাল রেখে দাবিদাওয়া আদায়ে সরকারকে যতোটা সম্ভব চাপে রাখা যায় ততোটা সম্ভব চাপে রাখা। এর বাইরে ব্লগাররা আছেন, অনলাইন একটিভিস্টরা আছে, রাজপথের একটিভিস্টরা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক বোধ এবং বিবেচনা আছে। একটা জায়গায় সবাই একমত, তা হলো যুদ্ধাপরাধীদের দ্রুত এবং সর্বোচ্চ বিচার। এর বাইরে এদের সবার মাঝে দ্বন্দ আছে, প্রতিযোগিতা আছে, বিদ্রোহ, ঠোকাঠুকি রাগারাগি আছে। কিন্তু সবার উপরে যা আছে তা হলো আন্দোলনের সাফল্য নিশ্চিত করার তাগিদ। এই তাগিদ জাতীয় স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে।
শাহবাগে প্রবল রাজনীতি হচ্ছে। এখানে কেউ কেউ নেতৃত্বের নামে হটকারি কাজও করছে। তার বিরুদ্ধে আবার বিদ্রোহ হচ্ছে। সমঝোতা হচ্ছে। এখানে একদল মাঠ ছেড়ে দিলে আরেকদল এসে মাঠ দখল করে ফেলে। এখানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যত মঞ্চায়িত হচ্ছে। শাহবাগে তরুন প্রজন্মের সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয়েছে। শাহবাগ বলছে বাংলাদেশ লিবারাল ডেমোক্রসির পথে যাত্রা করার জন্যে প্রস্তুত, যার উপর ভর করে এদেশের অর্থনীতি একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের একটি সুদৃঢ় ভবিষ্যৎ নির্মান করবে। তার প্রমান দিতেই বিভিন্ন ছাত্র সংগঠনের তরুন সদস্যরা এখানে ঐক্য এবং দ্বন্দের নানান পদ্ধতিতে রাজনীতি করছে, দেশের স্বার্থে। তাদের সাথে তাল মেলাতে হচ্ছে মূলধারার রাজনৈতিক দলগুলোর। লড়ছে বাংলাদেশের ভবিষ্যত বুদ্ধিজীবীরা, লড়ছে ভবিষ্যত সাংস্কৃতিক নেতৃত্ব। এই লড়াই, এই সুস্থ্য রাজনৈতিক প্রতিযোগিতার বাইরে যারা আছেন তারা ভুল করছেন। আপনি হেরে যাবেন। বাইচান্স যদি জিতে যান, তাইলে বাংলাদেশ হারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

