কি বাবু, আজ যে বিজয় দিবস তা কি জানো?
হ্যাঁ, আজকে বিজয়ী হয়েছি তো!
আজকে বিজয়ী হয়েছ মানে?
কুকুরের সাথে মারামারি করে তার খাবারে ভাগ বসিয়েছি। আমি বিজয়ী না?
ওহ হ্যাঁ, তাই তো।
কাক গুলোও কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু পারে নি, ওই যে দাদুটি আছে না, তিনি থাকাতে কাক-কুকুর আমাদের সাথে আর পেরে উঠেনি। শেষ পর্যন্ত ভাগ দিতে হয়েছে! হি হি হি!
কিন্তু বাবু, আমি এই বিজয়ের কথা বলিনি। তুমি জানো না, আজ আমাদের স্বাধীনতার বিজয় দিবস?
ওমা, সেটা কি? আমি তো চিনি ডাস্টবিন বিজয়ের কথা। স্বাধীনতাটা কি? সেখানে কি ফেলে দেয়া খাবার পাওয়া যায়?
হা হা হা, তুমি তো দেখি কিচ্ছু জানো না! স্বাধীনতা মানে আমরা যুদ্ধ করে দেশের বিজয় এনেছি। সবাই স্বাধীন।
কি যে বলেন না?! যুদ্ধ তো আমি কুকুরের সাথে প্রতিদিনই করি। এর আর নূতন কি? ওফ কি যে কঠিন যুদ্ধ! মাঝে মাঝে তো কুকুরের কামড় খেয়ে পালিয়ে যেতে হয়।
আরে না, এই যুদ্ধ সেই যুদ্ধ নয়। এটা স্বাধীনতা যুদ্ধ! দেশের জন্য যুদ্ধ!
ওহ তাই?! দেশ পেলে কি হয়?
কেন সবাই খেতে পারে, সব অধিকার পায়। কোন বৈষম্য থাকে না। তোমাকে যে কিভাবে বুঝাই?
ওমা, তাই নাকি?! তাহলে দেশ কি এখনও স্বাধীন হয়নি?!
হয়নি মানে? আজকে বিজয়ের ৪২তম বছর পালিত হচ্ছে। তুমি তো দেখি কোন খবরই রাখো না!
কি যে বলেন?! আপনি না বললেন, দেশ স্বাধীন হলে সব পাওয়া যায়, কিন্তু আমি তো কিছুই পায়নি। না ভাত, না কাপড়, না ঘুমের জায়গা! তাহলে কিভাবে স্বাধীন হলো?!
না, তা নয়...
ওহ বুঝেছি, দেশ তাহলে আপনাদের এবং এই উচ্ছিষ্ট যারা ফেলেছে তাদের জন্য স্বাধীন হয়েছে। ওই যে ক্লাবটি দেখছেন না, ওখানে অনেক মানুষ। ওরাও কি সব স্বাধীনতা ও বিজয়ের কথা বলছিল। আমি অবশ্য বুঝতে পারিনি! আমি অপেক্ষায় ছিলাম কখন ওরা খাওয়ার পর প্যাকেট গুলো ডাস্টবিনে ফেলবে! আপনি মনে হয় ওই স্বাধীনতার কথা বলছেন!
হ্যাঁ, হ্যাঁ, সেটিও বিজয় উৎসবের অনুষ্ঠান ছিল!
ওহ, তাই নাকি?! সেই বিজয় তাহলে আমাদের জন্য না! ওটা আপনাদের জন্য! আপনার স্বাধীনতা নিয়ে আপনি থাকেন তো। ডিস্ট্রার্ব করিয়েন না! অনেক যুদ্ধ করে উচ্ছিষ্ট পেয়েছি, একটু খেতে দিন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


