আদি রমনী হাওয়ার মত ভালবেসে গভীর আবেগে
তোমাকে গন্ধম খাওয়াতে চাই
স্রষ্টার আদেশ ভুলে গিয়ে
আমার কি পাপ হবে ?
যে নিষিদ্ধ ফলের আকর্ষণে হাওয়া হয়েছিল চঞ্চল,
বিহ্বল, কামনায় কাতর,
ভেঙ্গেছিল প্রথম প্রথা,
সঁপেছিল নিজেকে আদমের তরে,
হয়েছিল স্রষ্টার বিরাগভাজন...]
যে নিষিদ্ধ ফলের কারনে ,
মানব শ্রেষ্ঠ সর্ব জ্ঞানী হয়েছিলেন প্রথম বিদ্রোহী,
প্রথম বিরহী, প্রথম মুক্ত
সে প্রলোভনে আমি তোমাকে ফেলতে চাই-
আমার কি পাপ হবে ?
হে আদম !
আমায় নিয়ে যাও এই নির্জন স্বর্গ হতে-
ধূলো মাটি জলে, অরণ্যে-পাহাড়ে -সাগরে
আকাশের তলে।
যেখানে মুখ্য নয় - স্বর্গীয় চাওয়া পাওয়া !
রাতপোকারা দল বেঁধে বনতুলসীর ঝোপে করবে উল্লাস
অঝোর ধারায় ঝরবে বৃষ্টি আমাদের কুটির বেয়ে
সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে--
তারপর, মিশে যাব দুই জনে মাটির মায়ায় ।।
উড়িয়ে হাওয়া চুপ চাপ--চাঁদ থই থই জ্যোৎস্নায়
বুকের ভেতর জ্বলবে আস্ত সন্ধ্যা তারার গল্প
সকল ক্লান্তি-সকল শ্রান্তি ভুলে ঠোঁটের আর্দ্রতায় সেঁটে
মুক্তির স্বাদ খুঁজে নেব দুই জনে এক সাথে--
গন্ধম খাওয়াতে চাই...
আমার আদম হবে ?
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



