বৈরাগ্য, সন্যাসে মুড়িয়েছিলে নিজেকে,
পাহাড়, সমুদ্র,ভয়ংকর জঙ্গল মাড়িয়ে
শিরস্ত্রাণ, মুকুট খসিয়ে–
গভীর আবেগে অবলীলায় আসক্ত হলে আমাতে।
হাজার বছরের কামনার লাজে
দ্রাক্ষারসের সুধা পান করে হলে পথ ভ্রষ্ট !!
ব্রহ্মাচারী জীবনের শূন্যতার ফাঁকে
অজস্র অবদমিত কামনার হাতছানিতে
বুকের স্পন্দনে, ঠোটের কম্পনে, চোখের জলে
যোগিনী মন্ত্র ভুলে গিয়ে—
কৃষ্ণপক্ষের ঢলে পড়া চাঁদ, ঝিঁ ঝিঁ ডাকে মুখরিত ভুবন ডাঙ্গার মাঠ--
এক হয়েছিলাম দুজনে;
পরিপূর্ণ আলিঙ্গনে আবদ্ধ করে শুদ্ধপুরুষ তুমি,
কিছু পাপ হয় যায় সঙ্গোপনে !!
প্রেমের মদিরা পানে কতটা তৃষ্ণার্ত ছিলে তুমি, দেব ?
বিষাদের পোড়া গন্ধে প্রত্যাখানের বিষে
নীল বর্ণ আমি অভিশাপ দিলাম—
হয়ে থাকো নিষ্কাম নিষ্কলঙ্ক বেদনার হাহাকার–
জন্ম থেকে জন্মান্তরে !!
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




