আমার এই খোলা চিঠি কোন দিন-ই তোমাদের হাতে পৌঁছাবে না, আমি জানি। তবু-ও লিখছি। হয়তো নিজেকে সান্ত্বনা দেবার এ এক অপচেষ্টা।
মা, তোমার মুখেই শুনেছি যে পরপর দুই ছেলে জন্ম দেবার কারণে বাবার মাঝে বদ্ধমূল ধারনা জন্মেছিল যে তার দাদী যেমন একের পর এক ৮ টা ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন, তেমনি আমার মায়ের-ও কেবল ছেলে সন্তান-ই হবে। তাই বাবা ইচ্ছে থাকা সত্ত্বেও দুই ছেলের পর আর সন্তান নিতে আগ্রহী ছিলেন না। কেবল তোমার জোরাজুরিতেই বাবা তৃতীয় সন্তান নিতে রাজী হলেন। যথারীতি বৈশাখের এক ঝড়ের সকালে আমি এলাম পৃথিবীতে। কেউ কি ভেবেছিলে, তোমাদের একমাত্র মেয়ের জীবনে একের পর এক এমন ঝড়ের আগমন ঘটবে?
বাবা, আমার জন্মতে সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হয়েছিল সে হলে তুমি। সবার মুখে শুনেছি ১ মণ মিষ্টি তুমি বিলিয়েছিলে। এমন কি হসপিটালের নার্স আর আয়াকেও নাকি তুমি শাড়ি দিয়েছিলে। আজব্দি কেবল একবার তুমি আমার গায়ে হাত তুলেছো। কোনদিন মুখ ফুটে কিছু চাইতে হয়নি আমার। কি এক অদ্ভুত টেলিপ্যাথির মাধ্যমে তুমি আমার মনের সব কথা বুঝে যেতে, এখনও যাও। কখনও কি ভেবেছিলে, তোমার বুড়িমা কে এত প্রতিকুল পরিস্থির সম্মুখিন হতে হবে?
আমি জানি, তোমরা কিছুটা হলেও বুঝ এবং জানো যে আমি ভাল নেই। কিন্তু কতটা খারাপ আছি, সেই বিষয়ে তোমাদের কোন ধারনা-ই নেই। আমার মত ধৈর্যশীল মেয়ের (পরিচিত সবার ভাষ্যমতে) পক্ষেও আর সহ্য করা সম্ভব নয় এমন মিথ্যের বেসাতিতে মোড়া জীবন। দাদী-নানীদের মত মুখ বুজে সব সহ্য করে যাব সবকিছু, কেনো? ওনাদের না হয় কোন উপায় ছিলনা বলে মাথা নত করে সব সহ্য করে গেছেন। আমাকেও যদি সেই ভাবেই চলতে হয়, তবে কেনো আমাকে দেশের সবচেয়ে ভাল স্কুলে পড়িয়েছিলে, কেনইবা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হতে অনার্স+ মাস্টার্স পাস করিয়েছো? কেনইবা পরবর্তীতে এমবিএ করতে উৎসাহিত করেছিলে? তবে আজ কেনইবা ধৈর্য ধরতে বলো?
সমাজের নিকুচি করি। সমাজের কারনেই আমাকে জোর করে বিয়ে দিলে। এখন সমাজ কি আমার কষ্ট কমাতে এগিয়ে আসছে? নাকি তোমরা পারছো আমার জন্য কিছু করতে পারছো কষ্ট পাওয়া ছাড়া?
তোমরা আমাকে ক্ষমা করো। তোমাদেরকে অনেক ভালবাসি বলেই তোমাদের কাছে কম আসি। কারণ ফোনে আমার কণ্ঠস্বর শুনলেই তোমরা বুঝে যাও যে আমার মন ভাল নেই, মুখটা দেখলেই তো আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আমার মানসিক অবস্থা। তারচেয়ে এই ভাল।
তোমরা ভাল থেকো, অনেক অনেক ভাল।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



