নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ছয়জন হয়েছেন মেয়র প্রার্থী। ২৭টি ওয়ার্ডে কাউন্সিলার পদে প্রার্থী ২৫৫ জন ও নয়টি ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫৬ জন।
মেয়র প্রার্থীদের মধ্যে শামীম ওসমান আগে সাংসদ ছিলেন ও ডা. সেলিনা হায়াত আইভী সদ্য বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে আট বছর দায়িত্ব পালন করেছেন। অপর চারজন মেয়র প্রার্থী এখন পর্যন্ত জনপ্রতিনিধি হতে পারেনি।
রোববার অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে কেন অংশ নিয়েছেন বাংলানিউজ এ প্রশ্ন রেখেছিল ছয় মেয়র প্রার্থীর কাছে। জবাবে তারা বলেছেন, জনসেবা করতেই তারা জনপ্রতিনিধি হতে চান।
শামীম ওসমান এরআগে ১৯৯৬ সাল হতে ২০০১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে। সিটি করপোরেশন নির্বাচনে কেন প্রার্থী হয়েছেন এ প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের ব্যাপারে আমি প্রথমবারের মত উদ্যোগী হয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলাম সিটি করপোরেশন গঠনের ব্যাপারে। তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়ে নারায়ণগঞ্জবাসীর আকাঙ্খিত সিটি করপোরেশন গঠন করে।’
শামীম ওসমান বলেন, ‘সিটি করপোরেশন গঠনের পর গত ২০ জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আমরা একটি বৈঠক ডেকেছিলাম। সেই বৈঠকে ৯৯ শতাংশ নেতাকর্মী আমাকে মনোনয়ন দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। নারায়ণগঞ্জের আটটি থানার ১৬ জন সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে ১৫ জন আমার পক্ষে রয়েছেন।’
তিনি বলেন,‘নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার কারণেই আমি প্রার্থী হয়েছি।’
শামীম বলেন, ‘আমি নির্বাচিত হলে একটি বেস্ট নারায়ণগঞ্জ সিটি বানাবো। একজন নতুন বউকে মানুষ যেভাবে দেখে আমি ঠিক সেভাবে নতুন বউয়ের আদলে নারায়ণগঞ্জ গড়বো। যাতে মানুষ এ শহর দেখে বলতে পারে- বাহ কত সুন্দর নগরী।’
ডা. সেলিনা হায়াত আইভী ২০০৩ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২৭ জুন পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
মেয়র হয়ে দায়িত্ব পালনের পর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কেন হলেন এ প্রশ্নের জবাবে আইভী বাংলানিউজকে বলেন, ‘পৌরসভা বিলুপ্ত করে সিটি করপোরেশন গঠনের ব্যাপারে আমি অনেক আগেই সরকারকে চিঠি দিয়েছিলাম। পরে সিটি করপোরেশন গঠন করা হয়। সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরেই সাধারণ মানুষ আমাকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তাদের অনুরোধ ছিল, আমি যেন পৌরসভার মত সিটি করপোরেশন এলাকাতেও উন্নয়ন করি।’
আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের জনগণের ইচ্ছেতে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের লাখো মানুষ আমার জন্য আমার সঙ্গে রয়েছে। তাদের সঙ্গে আমি বেঈমানী করতে পারি না। নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়েই আমি লড়ে যাওয়ার প্রত্যয়ে মেয়র নির্বাচন করছি।’
তিনি বলেন, ‘আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। ছোট বেলা থেকেই আমি আমার বাবা প্রয়াত আলী আহাম্মদ চুনকাকে জনসেবা করতে দেখেছি। বাবার কাছ থেকেই আমি জনসেবা করার অনুপ্রেরণা পেয়েছি। সেবা, উন্নয়নের কাজ করেছি। সেবা করার সুযোগ দেবে মানুষ- তা আশা করছি।’
তিনি আরও বলেন, ‘২০০৩ সালে আমি পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলাম। আমি ক্ষমতার আট বছরে নারায়ণগঞ্জের অনেক উন্নয়ন করেছি। আশা করি জনগণ আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন।‘
আইভী ও শামীম ওসমান এরআগে জনপ্রতিনিধি হলেও এ পদে নির্বাচিত হতে পারেননি বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
তিনি জানান, এর আগে তিনি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। সিটি করপোরেশন গঠনের ব্যাপারে গত বিএনপি সরকারের আমলে তিনি-ই প্রথম প্রস্তাব করেছেন বলেও দাবি করেন তৈমুর।
তৈমুর বলেন, ‘আমি প্রত্যাশা করি মানুষকে আমাকে ভোট দিয়ে জয়ী করে পরীক্ষা করবেন।’
তিনি বলেন, ‘আমি ৪০ বছর ধরে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নারায়ণগঞ্জে তৃণমূল মানুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। উন্নয়ন আর মানুষের কল্যাণের রাজনীতি করতে গিয়ে আমি বার বার নির্যাতনের শিকার ও কারাবরণ করেছি। আমি অতীতে জনসেবা করার সুযোগ পাইনি। নারায়ণগঞ্জের মানুষের সেবা করার জন্য এবার প্রার্থী হয়েছি। জনগণের কাছে আমি পরীক্ষা দিতে চাই।’
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, ‘নারায়ণগঞ্জবাসী বার বার অবহেলিত। অতীতে বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করলেও তারা নারায়ণগঞ্জের উন্নয়নে কোনো কাজ করেনি। তারা তাদের ওয়াদা রক্ষা করেনি। তাই জনগণের চাহিদা পূরণের জন্য আমি প্রার্থী হয়েছি।’
স্বতন্ত্র প্রার্থী শরীফ মোহাম্মদ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রায় সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। অনেকদিন ধরে এসব সমস্যার কোন সমাধান হচ্ছে না। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করবো।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

