তোমাকে খুঁজতে গিয়ে মন
জীবনের সব সুখ দিয়েছি বিসর্জন।
কাঁটাবনে ফুল কুড়িয়েছি আমি,
তোমাকে পাব বলে পথে পথে
সে ফুল বিছিয়ে দিয়ে
আশার প্রহর গুনেছি আমি।
কখনও ভেবেছি তুমি কবিতা হয়ে আসবে।
তাই শব্দের এলোমেলো বিন্যাসকে
কবিতার ঢংএ সাজিয়ে
প্রাণপণে উচ্চারণ করেছি
তোমাকে বরণের অর্ঘ্যবাণী।
কখনও ভেবেছি বৃন্দাবনের রাধা হয়ে
এই বুঝি তুমি এলে।
কিংবা কবিতায়,
জীবনানন্দের বনলতা হয়ে।
কখনও ভেবেছি বসন্ত এসে গেছে
তুমিও এসে গেছো।
তাই হৃদয়ের দ্বার খুলে দিয়েছি।
কখনও মনে হয়েছে এই তো তুমি আছো
আমার নিঃশ্বাসের কাছাকাছি।
তাই বিশ্বাসের সবটুকু মহিমা ঢেলে
তোমার আগমনী গান গেয়েছি আমি।
এভাবে নানারূপে বার বার
তোমাকে খুঁজতে গিয়ে মন
আমার ঘটেছে সর্ব বিসর্জন।
অবশেষে বন্ধু এলো যখন
ভেবে নিলাম তুমিই এলে তখন।
দেখি সেখানেও আমার শূন্য সন্তরণ
তাই তোমাকে খুঁজে পাওয়া হলনা মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



