ঈদের অঙ্গীকার
সুজন শান্তনু
~~~~~~~~~~~~~~~~~~~
ঈদটা এখন আগের মত ভ্রাতৃ বোধের নয়,
ধনীর দুলাল আমেজ করে গরীব বিপর্জয়।
ঈদ আসে তো বাজার গরম টাকার ছড়াছড়ি
দিন-ভুখা সব নি:স্ব মানুষ কোথায় পাবে কড়ি?
নতুন জামা কোথায় পাবে দিনমজুরের মেয়ে?
ঈদের জামা চাঁদের মত ভেঙচি কাটে চেয়ে।
ঈদ আসে তো চাঁদাবাজের চাঁদার সমাহার
বোনাস পেয়েও মধ্যজীবী করছে টাকা ধার।
ঈদ আসে তো সবার ছুটি বুয়ার ছুটি কই?
ঈদ আসে তো পাল্লা দিয়ে উৎসবে হইচই।
ঈদ আসে তো সব পাখিদের শপিং মলে ভীড়
নাড়ির টানে কোথায় চলিস্, ভিনদেশী মন্দির?
ঈদ আসে তো রাজনীতিতে নীতির সমাচার
কেউ বোঝে না পথের মানুষ করছে হাহাকার।
ঈদটা এখন ধনীর তরে গরীব মরে হাঁড়ে
অট্টালিকায় ধনীর আয়েশ গরীব পথের ধারে।
ঈদ আসে তো শহর ছেড়ে গ্রামের পথে জ্যাম,
নষ্ট লোকের মহড়াতে দালালি উদ্দাম।
আগে যখন সাম্য ছিল সবাই মিলে ঈদ
সুখে-দুখে থাকবে সবাই করত শপথ হৃদ।
এখন সবাই স্বার্থ খোঁজে দেয় না কেউ ছাড়,
সাম্য গানে হোক না আবার ঈদের অঙ্গীকার।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



