'ব্লগ' শব্দটার সাথে আমার পরিচিতি অনেক বছরের না,শুধু আমারই না এদেশের মানুষদের পরিচিতিও খুব বেশী দিনের না। এই কিছু দিন আগেও ব্লগে লিখি বললে,অনেকেই বুঝতো না কি বলছি,কোথায় লিখছি! বেশ কয়েকভাবে বুঝিয়ে বলতে হতো! এমনকি আমরা যারা প্রিন্ট মিডিয়াতে লিখে অভ্যস্থ ছিলাম তাদের কাছেও প্রথম প্রথম ব্লগটা কেমন যেনো ঠেকতো!(আমার কাছে ঠেকেছিলো!) তবে 'ব্লগ' জনপ্রিয়তা খুব অল্প দিনেই পেয়েছে এটা স্বীকার করতেই হবে। দিনে দিনে ব্লগের জনপ্রিয়তা,ব্লগের গুরুত্ব বেড়েই চলেছে। আমি মনে করি এটাই স্বাভাবিক। এটাই হওয়া উচিত,কারন,টেকনোলজির উন্নতির সাথে সাথে আমাদের চিন্তা,ক্রিয়েটিভিটি,আমাদের মতামত গুলোকে প্রতিষ্ঠা করার,তাকে প্রকাশ করার জন্য ব্লগ অবশ্যই একটা উন্নত,উপযুক্ত পদ্ধতি,শক্তিশালী মাধ্যম। ব্লগ সব শ্রেণির মানুষদের জন্য, সাহিত্যিক, সমালোচক, সাংবাদিক, রাজনীতিবিদ,সচেতন নাগরিক সবার জন্য। সে জন্যই দিনে দিনে ব্লগের জনপ্রিয়তা,অংশগ্রহন বেড়েই চলেছে।
আমরা জানি,ব্লগ হচ্ছে একটা কমিউনিটি। এবং একটা কমিউনিটি অনেক রকমের মানুষদেরকে নিয়েই তৈরী হয়। এখানে অনেক ভালো,কিছুটা ভালো,অনেক খারাপ,কিছুটা খারাপ,আবার ভালো খারাপ দুটোই এই সব ধরনের মানুষই থাকবে এটাই স্বাভাবিক। তবে মানুষ যতো ধরনেরই হোক,মত প্রকাশের স্বাধীনতা সবারই এখানে সমান থাকবে। এটা একটা ব্লগের মৌলিক বৈশিষ্ট্য। আজ তাই সময়ের সাথে সাথে দেশে এখন একাধিক ব্লগ তৈরী হয়েছে,হচ্ছে। ব্লগারসদের সংখ্যা ও বাড়ছে। এবং একেকটা ব্লগে একেক ধরনের কমিউনিটি ও গড়ে উঠছে। এটা অবশ্যই একটা সুন্দর,ইতিবাচক দিক।
সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি, ব্লগ শব্দটা খুব হঠাৎ করেই বেশী পরিচিত হয়েছে! আমার কাছে পরিচিতির ধরনটা কখনো খারাপ লেগেছে,আবার কখনো ভালো। ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি,কিন্তু আজ এফবি তে জয় কবির ভাইয়ের একটা স্ট্যাটাস পড়ে বিষয়টা ভালো ভাবে খেয়াল করেছি বলা যায়। আসলে অনেক মানুষের কাছে এখনো ব্লগ কি সেটা অজানা,তারা এটা করছে,ঐটা করছে এইসবের উপর ভিত্তি করে ব্লগ সম্পর্কে,ব্লগারসদের সম্পর্কে নিজ থেকে ধারনা তৈরী করে নিচ্ছে! ব্যাপারটা অবশ্যই ঠিক না। ব্লগ শুধু মাত্র এক শ্রেনীর মানুষদের জন্য না,ব্লগ সবার জন্য,সব ধরনের মানুষের মত প্রকাশের জন্য।
আজকে ব্লগ থেকেই তৈরী হয়েছে জনপ্রিয় অনেক লেখক-লেখিকা যারা ভবিষতে এদেশের সাহিত্য জগতের কর্ণধার হতে পারেন। আজকে এই ব্লগ থেকেই তৈরী হয়েছে অনেক বড় বড় আন্দোলন,সচেতনতা যা ভবিষত প্রজন্মের জন্য যথেষ্ট ভূমিকা রাখবে।
সুতরাং ব্লগ কে আমরা একটা শ্রেণীতে, সীমাবদ্ধ ভাবনা দিয়ে পরিচিত হতে দিতে পারিনা। আমার মনে হয়,আমাদের ব্লগারসদের উচিত এই ব্যাপারটা খেয়াল করা। আমরা জানি,আমরা কোন দেশের নাগরিক,এই দেশের মানুষদের ধ্যান ধারনা কেমন,এ দেশে একটা রিউমার উঠলে বাতাসের আগেই তা সবার কানে পৌছে যায়,আবার একই জিনিস বেশী দিন শোনালে সেটা এমনিতেই হাওয়ায় উড়ে যায়। সব কিছু ভুলে নতুন করে আবারো দিন শুরু হয়। সুতরাং ব্লগের যে আরো অনেক সুন্দর দিক আছে সেগুলো কি আমাদের তুলে ধরা উচিত না?
ব্লগ শুধু মাত্র সংবাদ প্রকাশের জন্য বা মতামত প্রকাশের জন্যই না,ব্লগ স্বপ্ন বুনার,স্বপ্ন গড়ার মাধ্যম ও... ব্লগে আমরা শুধু আনাচে-কানাচের খবরই পাই না,মনের খোরাক ও পাই। আমরা দিন শেষে,ব্যাস্ততা শেষে এখানে আড্ডা দেই,মজার মজার কমেন্ট করি,নিজেদের সুখ-দুঃখের স্মৃতি গুলো শেয়ার করি। নিজের আদর্শ,নিজের চিন্তা গুলো ছড়িয়ে দেই গল্পে,কাব্যে...আমাদের ব্লগারসদের মাঝে এভাবেই গড়ে উঠে আন্তরিক সম্পর্ক। হয়তো কোথাও কোথাও আমাদের মত মিলে না,আবার কখনো না বলা কোথাও অন্যরা প্রকাশ করে দেই মনের মতো করে তবুও সব মিলিয়ে আমরা এক সাথে এই 'ব্লগ' কমিউনিটিতে লেখা-লেখি করি,করে চলেছি...
আমি আর বড় করে কিছু লিখছি না,আসলে এখনো অতো ভালো ব্লগার হইনি যে অল্প কথায় সব কথা লিখে ফেলবো! এখনো অতো ভালো লেখা শিখে উঠতে পারিনি বলা যায়। তবুও যে কথাটা বলতে চেয়েছি,সেটা হলো, ব্লগের সুন্দর পরিবেশ,সেই আন্তরিকতা পূর্ণ পরিবেশ,গান-গল্প-কাব্যের আবেশ যেনো সব সময় থাকে আমাদের ব্লগারসদের দ্বারা। কফি হাউসের সেই আড্ডাটা আজো আছে এখানে,এই ব্লগ কমিউনিটিতে। আমাদের চারপাশের খারাপ প্রভাব গুলো যেনো সেই আড্ডাটা ভন্ডুল করে না দেয়।
ভালো-খারাপ নিয়েই জীবন,সমাজ। আমরা মানুষ,ভুলের উর্ধ্বে কেউই নই,কিন্তু আমাদের ভালো কাজ গুলো,আমাদের সুন্দর চিন্তা গুলো আমাদের সেই ভুল গুলো,খারাপ সময় গুলোকে ঢেকে দিবে,পাড় করতে সাহায্য করবে এটাই প্রত্যাশা ব্লগের কাছে,ব্লগারসদের কাছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

