সচিন তেন্ডুলকরকে ভারত প্রথম খেয়াল করল ১৯৮৭-তে, তাঁর বয়স যখন ১৪৷ ক্রিকেটমত্ত এই দেশ যে রঙ্গমঞ্চ থেকে সুনীল গাভাসকরের প্রস্থানের পর মুহ্যমান হয়ে পড়বে, সেটাই স্বাভাবিক৷ তখন রাতারাতি ভারতীয় ক্রিকেটের একজন ত্রাতা প্রয়োজন৷ ঠিকই, বেঙ্গসরকর তখন দারুণ ফর্মে, মঞ্জরেকরের টেকনিক নিখুঁত এবং ইন্দ্রজালের মতো কবজির মোচড় নিয়ে আছেন আজহারউদ্দিন৷ তবে, সত্যি কথাটা বলে ফেলা ভালো৷ এঁদের কারওরই কিন্ত্ত সদ্য অবসর-নেওয়া গাভাসকরের শূন্যস্থান পূরণ করার ক্ষমতা ছিল না৷ সেই সময়ই তত্কালীন বম্বের একটি সংবাদপত্রে জানা গেল জনৈক বালক-প্রতিভার আবির্ভাব হয়েছে, সে-ই নাকি ভারতীয় ক্রিকেটের পরবর্তী মহানায়ক৷
১৪ বছর বয়সেই তেন্ডুলকর ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে খেলছেন৷ রঞ্জি ট্রফির আবির্ভাবেই সেঞ্চুরি, দলীপ এবং দেওধর ট্রফিতেও একই ভাবে নেমেই শতরান এবং প্রথম যখন অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে খেলতে নামলেন ইরানি ট্রফিতে, সেখানেও স্কোরবোর্ডে তিন অঙ্ক৷ আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় কড়া নাড়ার এর থেকে ভালো রাস্তা আর কী-ই বা হতে পারে? সেই ছোটো ছেলেটি, যে কি না দাদা অজিতের সঙ্গে রমাকান্ত আচরেকরের নেটে গিয়েছিল মাত্র ১১ বছর বয়সে- এবং তখন সুযোগও পায়নি, তাকে খারিজ করে দিয়েছিলেন আচরেকর- সে-ই পরে গুরুর মন জয় করল শুধু নয়, বম্বের গোটা ক্রিকেট মহল সবিস্ময়ে তার দিকে তাকাল, বুঝল এই ছেলেটি অ-সাধারণ প্রতিভার অধিকারী, ঠিকঠাক বিকশিত হলে সুনাম কুড়োবে প্রচুর৷ আচরেকর এতটাই মুগ্ধ হলেন যে, সচিনকে নিয়ে গোটা মুম্বই চষে বেড়াতেন শুধু এইটুকু নিশ্চিত করার জন্য যে, সচিন যেন সবচেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়৷
অতঃপর ১৯৮৯ সাল৷ সচিনের অভিষেক সিরিজ, পাকিস্তানের বিরুদ্ধে, এবং পাকিস্তনের মাটিতেও বটে৷ উল্টো দিকে বল হাতে ইমরান খান, ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি, সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা আর এক ফাস্ট বোলার৷ ওয়াকার ইউনিস৷ এঁদের বিরুদ্ধে ১৬ বছরের একটি কিশোরের কী হাল হতে পারে, তা ভেবেই শিরদাঁড়া হিম হয়ে যাওয়ার কথা৷ গোটা ভারত শিউরে উঠে দেখল শিয়ালকোট-এ ওয়াকারের আগুনে-পেস ছোবল দিল তার নাকে৷ অন্য প্রান্তে তখন নভজ্যোত্ সিং সিধু৷ তাঁর স্মৃতিটা এই রকম: 'প্রথমে তো মনে হল, কিছু করার নেই, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে৷ ওর দিকে ছুটে যাব, ঠিক তখনই দেখলাম সচিন হাত তুলল, ওর ওই মিহি গলায় বলল, 'ম্যাঁয় খেলেগা৷' সারা মুখে রক্ত, কিন্ত্ত তা সত্ত্বেও এক মুহূর্তের জন্যও ভাবেনি মাঠ ছেড়ে চলে যাবে৷' দু'টি শব্দ খেয়াল করুন, 'ম্যায়ঁ খেলেগা৷'
আপাত সহজ, কিন্ত্ত এটাই নির্ভুল বুঝিয়ে দেয় সচিন তেন্ডুলকর এবং তার উত্তরাধিকার কী হতে পারে৷ বুঝিয়ে দেয় কারণ, ক্রিকেটের প্রতি তাঁর এই তীব্র প্যাশন সচিন কোনওদিন লুকোননি৷ অতঃপর গোটা ভারত সবিস্ময়ে এবং সহর্ষে দেখল, ওয়াকার ইউনিসের পরের বলটি কভার দিয়ে মসৃণ এবং বিদ্যুত্ গতিতে চলে গেল সীমানার বাইরে৷ আসমুদ্রহিমাচল আশ্বস্ত, সুনীল গাভাসকরের উত্তরাধিকারী অবশেষে আবির্ভূত হয়েছেন৷
এই স্বস্তির বোধটা ক্রমে আরও শিকড় ছড়ালো যখন ১৯৯০-তে ইংল্যান্ডে সচিন একটি অনবদ্য ম্যাচ-বাঁচানো শতরান করলেন৷ নিজের নবম টেস্ট ম্যাচে তিনি অপরাজিত ১১৯-এর ইনিংসে ক্রিকেট বিশ্বের প্রতি একটি বার্তা দিলেন৷ পরবর্তী মহানায়কের আগমন ঘটেছে এবং অতঃপর ক্রিকেট বিশ্বকে তিনিই শাসন করবেন৷
তবে এ সবই ছিল যাকে বলে নিছক 'প্রিলিউড', আসল ছবিটা শুরু হল অস্ট্রেলিয়ায়, ১৯৯২ সালে, পার্থ-এ, ভারত যখন সাক্ষাত্ বিপর্যয়ের মুখে৷ সেখানে ওয়াকা-র প্রসিদ্ধ পিচে বল ছোটে আগুনের বেগে, অস্ট্রেলিয়রা সেখানেই মেপে নেয় কে সত্যিই কিংবদন্তি এবং কারা নিতান্ত এলেবেলে৷ উনিশ বছরের সচিন সেখানে ধ্বংসস্তূপের মধ্যে ভারতীয় শির উন্নত রাখলেন ১১৪ রানের একটি অনবদ্য ইনিংসে৷ ভারত অস্ট্রেলিয় পেস আক্রমণের একটি যোগ্য জবাব খুঁজে পেল৷ উত্তরাধিকার সৃজনের সেই শুরু৷ দুনিয়ার কিংবদন্তি ক্রীড়াবিদদের আলোকিত মঞ্চে উদারীকরণ-পরবর্তী ভারতের অবদান: সচিন তেন্ডুলকর৷
নব্বই দশকের মাঝামাঝি থেকেই তিনি স্বীকৃত এবং নির্ভরযোগ্য নায়ক৷ তাঁর সেরা সময়টা আসার তখনও কিছু বাকি ছিল অবশ্য৷
১৯৯৮-এর এপ্রিলে শারজায় কোকা কোলা কাপ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্বাসরোধকারী রান তাড়া-করা ম্যাচ৷ স্টেডিয়াম জুড়ে মরুঝড়, খেলোয়াড়েরা নিজেদের বাঁচানোর জন্য আক্ষরিকই ভূমিশয্যা নিয়েছেন, ভারতের ফাইনালে যাওয়ার স্বপ্ন ক্রমেই ফিকে৷ ক্রিজে অবশ্য তেন্ডুলকর ছিলেন, ফলে মরুঝড়ের থেকেও মারাত্মক এক ঘূর্ণি অস্ট্রেলিয়দের সটান পেড়ে ফেলল৷ একদিনের ক্রিকেটের ইতিহাসে স্মরণীয়তম ইনিংসের একটি উপহার দিয়ে সচিন ভারতকে ফাইনালে তুললেন, স্তম্ভিত টনি গ্রেগ টেলিভিশনে ধারাভাষ্য দিতে গিয়ে বললেন, সচিন যে ভাবে জয় এনে দিয়েছেন তা শুধু সচিনের পক্ষেই সম্ভব৷ তার দিন কয়েক পরেই সচিনের আরও একটি সেঞ্চুরি শুধু যে ভারতকে জেতাল তা-ই নয়, আর এক কিংবদন্তি শেন ওয়ার্নকে নিশ্চিত ভাবে কিছু দুঃস্বপ্নও উপহার দিয়ে গেল৷
দেশের প্রতি সচিনের অবিচল নিষ্ঠা দিনের আলোর মতো জনসমক্ষে এল ১৯৯৯-এর বিশ্বকাপে৷ বাবা মারা গিয়েছেন হঠাত্, দেশে ফিরতেই হল তাঁকে৷ কিমাশ্চর্যম্, কয়েক দিনের মধ্যেই তিনি ফের মাঠে হাজির৷ কেনিয়ার সঙ্গে শতরানের পরে আকাশের দিকে শূন্য, বিষণ্ণ দৃষ্টিপাত প্রতিটি ভারতীয় ফ্যান-এর চোখে জল এনে দিয়েছিল৷ সেই শতরানটিকে প্রয়াত পিতার উদ্দেশেই উত্সর্গ করেছিলেন সচিন৷ পরে জানা গিয়েছিল, কালো চশমা পরে সে দিন ফিল্ডিং করেছিলেন তিনি, কারণ চোখের জল সামলানো প্রায়শই খুব কঠিন হয়ে পড়ছিল৷ ভাবলে আশ্চর্যই লাগে, ঠিক এর কিছুদিন পরেই যে বিজ্ঞাপনটি বেরোবে, সেখানে যে কথাটি লেখা থাকবে, সে দিন সচিন যেন সেই কথার জীবন্ত রূপ হয়ে দাঁড়িয়েছিলেন: 'মাই নেম ইজ সচিন তেন্ডুলকর অ্যান্ড আই প্লে ফর ইন্ডিয়া'৷
চল্লিশ পেরিয়েও এখনও তিনি সেই কাজটিই করে চলেছেন৷ আগামী সপ্তাহে শেষ বারের মতো সেই কাজটি করবেন ঘরের মাঠে মুম্বইয়ে, অজস্র দর্শকের মধ্যে হাজির থাকবেন তাঁর মা রজনী, জীবনে প্রথম বার তিনি মাঠে গিয়ে দেখবেন পুত্র ভারতের জার্সি পরে খেলছে৷ রঞ্জি ট্রফিতে সদ্য দেখিয়ে এসেছেন প্রতিভার ঝলক, আরও বেশ কিছুকাল সেই দ্যুতি দেখা যেতেই পারত৷ কিন্ত্ত, ঘরের মাঠভর্তি দর্শকের সামনে শেষ বারের মতো প্যাভিলিয়নে ফিরে আসা আসলে নিখুঁত ভাবে রচিত একটি রূপকথা৷ সেই রূপকথাটি তাঁর প্রাপ্য৷ অনেকেই হয়তো এমন ছবির মতো বিদায় লগ্ন কল্পনা করেন, কিন্ত্ত সেই স্বপ্নময় অবসান লাভ করার মতো এমন উপযুক্ত আর কে-ই বা আছে তিনি ছাড়া?
অনেকেই জিজ্ঞেস করেন, দুনিয়ার প্রথম সারির ক্রীড়াবিদদের তালিকায় সচিনকে কোথায় রাখব? আমার উত্তর: একেবারে শীর্ষে৷ ভাবতে ভালো লাগছে যে 'রবিবারোয়ারি'-র এই সংখ্যায় যে সব তাবড় বিশেষজ্ঞেরা লিখছেন, তাঁরা এ ক্ষেত্রে আমার সঙ্গে একমত৷ আমাদের মতো দেশে যেখানে খেলায় গৌরবের কথা উঠলে প্রায় ঝুলি ঝেড়ে খুঁজতে হয় কোথায় কতটুকু পড়ে আছে, সেখানে সচিন তেন্ডুলকর শুধু যে একশো কোটির বেশি জনতাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তা-ই নয়, দিনের পর দিন তিনি সেই স্বপ্নটাকে বাস্তব করে তুলেছেন, ঘামে-রক্তে ভিজে গিয়েছে দীর্ঘ চব্বিশটি বছর৷ এ বার সময় এসেছে আমরা বরং আরও এক ধাপ এগিয়ে সচিন তেন্ডুলকরকে এমন একটি উচ্চতায় স্থাপন করি যেখানে আজ পর্যন্ত কোনও ভারতীয় যেতে পারেননি- যেখানে নক্ষত্রের মতো বিরাজমান জেসি ওয়েনস, জ্যাকি রবিনসন, উইলমা রুডলফ, কার্ল লিউইস, গ্রেগ লুগানিস, মাইকেল ফেল্পস, রজার ফেডেরার এবং উসেইন বোল্ট৷
যে সব কাজকে অসম্ভব বলে ভাবা হত, তাদের সম্ভব করেছেন তিনি৷ সেই অসাধ্য সাধনের আলোতেই তিনি বিচার্য৷ এবং ঠিক সেখানেই সচিন স্রেফ এক মহান ক্রিকেটার নন৷ তিনি বিশ্বক্রীড়ায় ভারতের উজ্জ্বলতম অবদান৷ কোনও স্বর্গীয় ক্রিকেট ময়দানে যদি কোনও কাল্পনিক 'অল-টাইম-গ্রেট পিচ' থাকে, তা হলে সেই বিশিষ্ট জমিতে আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন নিজস্ব কিছু বর্গফুট৷ সেটাই তাঁর উত্তরাধিকার৷ দুনিয়া জুড়ে বিভিন্ন ক্রিকেট খেলোয়াড় যে তাঁর অবসরে শোকার্ত, তা অকারণে নয়৷ এবং, 'রবিবারোয়ারি'-র এই সংখ্যাতেই অ্যালান ডোনাল্ড নিতান্ত অকারণে এ কথা বলেননি যে, ক্রিকেট বলতে যে ভদ্রলোকের খেলা বোঝায়, যে ধবধবে 'স্পিরিট' বোঝায়, সচিন তার প্রতিমূর্তি৷
সচিন রমেশ তেন্ডুলকর নিছক ক্রিকেট নামে একটি খেলাই খেলেননি৷ তিনি শুধুমাত্র একজন ক্রিকেট খেলোয়াড় নন৷ আসলে সচিন তেন্ডুলকর এ সবের অনেক ঊর্ধ্বে, তিনি এমন একটি 'আইডিয়া' যাকে আমরা আপন করে নিয়েছি, ভালোবেসে ফেলেছি এবং তাঁর অবসরের পরেও সেই ভালোবাসায় ঘাটতি পড়বে না৷ সচিন মানে নিছক দু'শো টেস্ট বা একশো সেঞ্চুরি নয়৷ নতুন একটি বিজ্ঞাপনের ভাষায় বলা যায়, সচিন আসলে চিরকালের৷ সচিন মানে এমন অজস্র স্মৃতি যা আমরা প্রত্যেকে মনের মধ্যে রেখে দেব দীর্ঘ, দীর্ঘ কাল৷ সেটাই তাঁর আসল উত্তরাধিকার
***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***
Related Tags: bangla news , english news , bangla blog , english blog ,technology blog , computer tips and tricks ,gossips news ,gossips blog ,technology news
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



