রক্তাক্ত 'সত্য'রা চিরকাল-ই অবিনাশী।
তুমি লিখে নিতে পারো- মৃত্যু নেই-
একফোটা- এককণাও মৃত্যু নেই-
স্মৃতিতে প্রোজ্জল সেই 'একাত্তর'- আর তার
মৃত্যুঞ্জয়ী- প্রত্যক্ষ অনুভবের।
কোন আক্রোশ, আস্ফালন অথবা নির্লজ্জ স্তুতি
পারেনা পালটে দিতে-গভীরে গেঁথে যাওয়া
দৃপ্ত স্মৃতির শেকড়- রাতারাতি-
শুধু ফুলদানী পাল্টে দিলেই,
'ক্যাকটাস' কাঁটার বদলে কেউ
পেয়ে যেতে পারে না কোনো-
স্মৃতিচারী সুগন্ধী- বিমুগ্ধ 'গোলাপ'।
তুমি লিখে নিতে পারো-
স্বাধীকার, ভাষার দাবীতে যে রক্ত
গড়ায় 'ইতিহাস' হয়ে- রাজপথে-
পঁয়ত্রিশ বছর পরেও তা' অমলিন স্মৃতির মলাটে
রয়ে যায়- সুনিশ্চিত, টকটকে লাল !
জানি- কেউ কেউ অস্পষ্ট করে দিতে চায়
আমাদের গর্বিত অনুভব।
কেউ কেউ-
একটি জাতির উত্থান, উন্মেষ-আর
রক্তাপ্লুত সবুজের নেপথ্য কথকতা
ক্রমশঃ লুকাতে চায়-
প্রখর চৈতন্য থেকে দূরে... ।
অদ্ভুত কিছু আরোপিত অাঁধার
প্রায়শঃই আমাদের চেতনার জ্যোৎস্নাটুকু কেঁড়ে
ছুড়ে দিতে চায়-বোধশূন্যতার অতল অন্ধকারে-
সীমাহীণ অচেনা এক- নষ্ট অমাবস্যায়।
তবুও বিপুল ভাঙনের পরেও আমরা বারবার
জেগে উঠি-
বারবার যূথবদ্ধ হই- রক্তে মিশে যাওয়া সেই
অনিঃশেষ চেতনায়-
বারবার আমাদের অনির্বাণ ইতিহাস-
আমাদের নিত্য অনুভবে মিশে
হয়ে ওঠে মৃত্যুহীণ- শাশ্বত 'অবিনাশী' !
অন্য কলমে কেউ যতোই অন্যভাবে লিখুক
ইতিহাস থেকে যায়- অনন্য, অনড় গভীরে
কষ্টে, ভালবাসায়, বিশ্বাসে আর রক্তের মহিমায়-
প্রত্যক্ষ চোখের সামনে তৈরী হয়েছে যে সংগ্রামী সোনালী অতীত-
কোন কূট-কৌশলই কোনদিন পারেনা সেখানে
সহজে ঘটাতে কোন- কলঙ্কময় বিকৃতি!
আমাদের রক্তের উত্তাপে-একান্ত গভীরে
বিকাশ ঘটেছে যে গৌরবোজ্জল ভ্রুণের-
অমলিন ভীষণ ধ্রুব-সেই রক্তাক্ত 'সত্য'টুকুর
সুনিশ্চিত- কোন 'মৃত্যু'ই নেই !
তুমি দ্ধিধাহীনভাবে লিখে নিতে পারো-
ইতিহাস হয়ে যাওয়া-এই ডিসেম্বরে-
এই বিজয়ের মাসে-
আমাদের প্রীতির আকাশ জুড়ে
লাল-সবুজের আবেগ মেশানো সেই
অনন্য অপরুপ সাজে-
বিজয়ের ফুল্ল ্ল পতাকা তবু উড়বেই-
দৃপ্ত দ্বিধাহীন উচ্ছাসে-
আমাদের মুক্ত নীলিমায়-
অনন্তর, অনন্তকাল।
................................................
( উৎসর্গঃ হযবরল, যার 25 শে ডিসেম্বরের পোষ্ট 'অবহেলিত লাল সবুজঃ ধন্য ব্লগ সমাজ' পড়ার পর এই কবিতা লিখতে শুরু করি....।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



