পোড়া মাটির ছাই দানিতে,
মুখ পোড়া ফিল্টারগুলি জানে ।
ডান হাতের শীর্ণ আঙ্গুলগুলি,
আমার কলম আর কবিতার খাতা জানে ।
শিউলির সুবাসে সুরভিত সন্ধ্যা,
জ্যোৎস্না ঝরা প্রতিটি চাঁদ,
জোনাক ভরা আঁধার রাত,
ঝিঝিদের গানের আসরের প্রতিটি ঘাস, গুল্ম, বৃক্ষ
ওরাও জানে !
তোর জানলা গলে নুয়ে পরা আলো,
তোর ভেজা চুলের গন্ধ,
তোর ওড়না ছোঁয়া বাতাস,
তোর বাগানের দুরন্ত প্রজাপতি,
তোর প্রিয় নদীর ঢেউ- তার তীর ঘেঁষা কুল ।
ওরাও জানে !
আমার দৃষ্টি সীমার প্রতিটি জীব, বস্তু,
শ্রাব্য সীমার প্রতিটি শব্দ,
চেতনায় যতো স্পর্শ,
চিন্তার কোষ, অবচেতনের স্বপ্ন,
ফেলে আসা অতীত,
নিঃসঙ্গ বর্তমান,
অনাগত ভবিষ্যৎ,
সব্বাই জানে ,
আমি তোকে কত্ত ভালবাসি !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






