তোর অবহেলার ভেতরেই আমি আশ্রয় খুঁজি,
যেন ভাঙা জানালায় দাঁড়িয়ে থাকা এক বৃষ্টি ভেজা বিকেল।
তুই জানিস না, অপেক্ষা কেমন করে মানুষের ভেতর আস্ত একটা শহর বানায়।
আর সেই শহরে আধার ঘনিয়ে রাত্রী নামলে
প্রতিরাতে ল্যাম্পপোস্টের নিচে একা দাঁড়িয়ে থাকি।
তুই যখন অন্য কারো নাম জপিস,
অন্য কারো স্বপ্নে জাগিস,
আমার বুকের ভেতর কাচ ভাঙার শব্দ হয়।
তবু হাসি চেপে বলি,ভালো থাকিস।
আমি তোর ছায়া হতে চাইনি,
চেয়েছিলাম হতে তোর জানালার হাওয়ায় দোলা পর্দা
যেন বাতাস এলে তোর ঘুম না ভাঙলেও
স্বপ্নটা একটু দুলে ওঠে।
তুই ভুলে গেছিস, আমার কাঁধে মাথা রেখে একবার বলেছিলি, থাকিস পাশে।
সেই শব্দটা আজো আমি বুকপকেটে রাখি,
পুরোনো চিঠির মতো হলদেটে হয়ে গেছে,
তবু ফেলে দিতে পারিনি।
তোর অবহেলা আমাকে প্রতিদিন একটু করে ভাঙে,
আর আমি ভাঙা অংশগুলো একটা একটা জোড়া লাগাই।
কারণ আমি জানি,
যে ভালোবাসতে জানে, সে কখনো হারে না ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





