
যাবই যখন চলে
কী আর হবে বলো হিসেবের কড়ি।
পারানিও লাগে কিছু কিছু,
তবু পিতৃহারা-মাতৃহারা
সময়ের কাছাকাছি
লাগে না অনেক কিছুই,
ছাড় দেয় সকলেই
ভালোবেসে কাছে ডেকে,
করুণাও ভালো লাগে সে সব সময়ে।
যাবই যখন চলে,
ব্যথা মনে রেখে
লাভ আছে বলতো কিছু ?
ক্ষমা দাও, কষ্টকে মনে করো
শ্যাওলা পথের।
পিচ্ছিল পথে কত সরে যায় পা,
ভাঙতেও পারে বুক কখনো সখনো।
তাই কি পথের পরে রাগ করে কেউ ?
যাবই যখন চলে,
অভিমানে কি কাজ বলোতো ?
যত হবে অভিমান
সময় সাগর বয়ে যাবে,
তত বেশি অপচয়
সময় ঘড়ির।
এর পর যত কথা
কষ্ট তত বেশি।
হারাবে দিনের আলো
মাঠের আঁড়ালে।
তার চেয়ে বাঁচিয়ে সময়
চেয়ে থাকি নির্বাক তোমার মুখে।
বালিতে যেমন করে
শুষে চলে জল।
শুষে নিই জীবনের অতৃপ্ত সময়।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


