(ড্রিমক্যাচার)
ঘুমোবার জন্য নিজের বাড়িতে
বিছানা-বালিশ-কাথা
সবই আছে।
তবু,
সুহার ছোট্ট খাটের অল্প একটা কোণা
ধার করে
আমার ক্লান্ত দেহটাকে এলিয়ে ঠাঁই দিলাম।
বাড়িতে চানাচুর ছিল,
মুড়িও ছিল।
তবুও,
খালাম্মার হাতে বানানো মুড়িমাখা খাওয়ার জন্য
আমি কুড়ের মত শুয়ে রইলাম।
ঘুম আসে। খুব ঘুম আসে।
মনে হলো, কত বছর যেন-
আমি ঘুমাইনি।
রাস্তার প্রতিটা ইট-বালুর কাছ থেকে একটু একটু ক্লান্তি কুড়িয়ে এনেছি।
চোখ কিচ্ছু দেখতে চায় না,
ঝাঁপিটা বন্ধ করে
এখন শুধু একটু ঘুমোতে চায়।
তবুও, ঘুম আসে না। আসে ভাবনারা...
অতঃপর, মুড়িমাখা আসে,
সুহাকে বলি, 'ছাদে চল!'
ছাদে দুরন্ত নয়, চুপচুপ বাতাস।
বাতাসের দোলে একটা-দু'টা মুড়ি
উড়ে চলে যায় কোথায়...
মেঝেতে বসে শান্তভাবে মুড়ি চিবোতে চিবোতে
আমি দেখি
গামলায় মুড়িমাখার দুটো অংশ হয়ে গেছে-
একটা সুহার, আর একটা আমার;
মাঝখানে একটা দেয়াল।
আমার খুব মন খারাপ হয়।
আমি বললাম, 'কত ভদ্র হয়ে গেছি, তাইনা? দেয়াল গড়ে খেতে হচ্ছে।'
সুহা তাকালো।
বললাম, 'নে, ভদ্রতা অন্য কোথাও যাক!
দেয়ালটা ভেঙে দে। আমার অংশে না হয় তোর হাত পড়বে, তোর অংশে না হয় ভুল করে আমার হাত পড়বে।
ঠোকাঠুকি হবে, কাড়াকাড়ি হবে, হাসাহাসি হবে!
জীবনে কী আছে বল?'
জানিনা, কী আছে- ভাবতে ভাবতে সন্ধ্যে পেরিয়ে রাত নেমে আসে।
আজকাল একটা বেড়ালের মতো হয়ে গেছি-
যেখানে আরাম পাই, সময় কাটিয়ে দেই।
আমার জীবন আর কেমন?
ছন্নছাড়া, যেখানে যেমন।
সকাল হতে অনেক দেরি।
ঘুমের মাঝে মৃত্যুরা রোল কল করে।
হঠাৎ করে একদিন হয়তো আমিও বলে ফেলতে পারি-
'ইয়েস, প্রেজেন্ট!' তাই......
সম্পত্তি বলতে আমার আছে-
~কয়েকটা ডায়েরি, তাতে কিছু কবিতা; কয়েকটা ছেঁড়া ছেঁড়া গল্প,
আর পেন্সিলে আঁকা দাগ সম্বলিত কতগুলো চরিত্র। কিন্তু সব চরিত্রই তো আর কাল্পনিক হতে পারেনা!~
......মৃত্যুর আগে বিশ্বস্ত কয়েকজনের নামে এগুলোকে উইল করে যেতে চাই।
জীবন তো থেমে থাকে না শুধু একজনের জন্য।
তবুও,
হৃদয়ের জমিতে মানুষ দখল চেয়ে বসে।
একটা প্রিয় বইয়ের প্রথম পাতার ওপর নিজের নামটা লিখতে পর্যন্ত দ্বিধা হয়-
সেখানে জমি(!)
সে জমি তো চাষের জন্য নয়, আবাদের জন্য নয়।
সে জমি এখন একটা বিরান ভুমি,
সেখানে আছে ছোট ছোট অজস্র মুহূর্ত জন্ম নেবার অপেক্ষা।
অপেক্ষাগুলো গণ্ডীবদ্ধ। গণ্ডীবদ্ধ স্বপ্নের।
খুব আপন।
খুব বেপরোয়া।
আমার আবর্তিত অপেক্ষা কেবল সেই স্বপ্নকেন্দ্রকে ঘুরে।
- পেন আর্নার
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




