আবার দেখা হবে ভাবিনি,
ভাবিনি রাস্তার একই পাশে আবার পাশাপাশি হবো।
কই কত মানুষ পাশ দিয়ে চলে যায় অহরহ
তাদের দিকে তো ফিরেও চাইনি কখনও?
কি যে হলো! আমার বাধ্য চোখ
হঠাৎ আটকে গেল তোমার হৃদ কম্পনে?
বাতাসে তোমার ঘ্রাণ ছিল কিনা জানিনা,
থাকলেও সে ঘ্রাণ এতদিন পর চিনতাম কিনা
সে প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে উঠে;
মাঝখানে যে বয়ে গেছে ঢের দিন।
হঠাৎ মনে হলো এক জোড়া আঁখি
আমার দিকে তাকিয়ে আছে,
দৃষ্টি ফেরাতেই বুঝে গেলাম তুমি,
আমার চির অচেনা তুমি!
চুপচাপ পাশাপাশি হেটে গেলাম কিছুপথ
কোন আলাপ হলো না, তারপর আবার
জীবনের স্রোতে হারিয়ে গেলাম পথেই।
তোমার চোখে স্পষ্ট ছিল অপরাধবোধ,
শান্ত ছিলে অপরাধী দৃষ্টিতে
অথচ সেই কবেই ঘৃনা ফেলে ক্ষমা করেছি।
শেষ যে বার দেখা হয়েছিল,
কি আকুতি নিয়েই না বলেছিলে
প্রিয় কবি ক্ষমা করে দিও।
তারিখঃ ০৪/০৮/২০১৫
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

