মধ্য দুপুরের কোলাহল অস্বীকার করে
উদ্ভ্রান্ত হয়ে বলেছিলে যাবে আমার সাথে
শুভ্র কাশফুলে ঘেরা গোপন ব্যাথার বৃত্তে?
সেদিন আমার ভেতরে মশাল জ্বালিয়ে
মিছিল হয়েছিল প্রেমের দাবীতে।
আমার ঘরের রঙচটা দেয়ালে
রেডিয়ামের নক্ষত্রগুলো
সময়ের হাত ধরে ঝরে পড়ে
নিশ্চুপ, নির্লিপ্তভাবে পতন দেখি নক্ষত্রের।
পুরাতন পঞ্জিকায় চোখ রেখে কেটেছে শত আলোকবর্ষ
বিবর্ন বিছানায় লুকিয়ে আছে যাপিত বসন্ত
হ্যাঙ্গারে ঝুলে থাকা কালো স্যুট
ধূলোয় হয়েছে মলিন,
মেঝেয় ছড়িয়ে থাকা ময়লা জামা কাপড়
অবহেলায় পড়ে থাকে তুমি হীন।
বিরান টেবিলে ঘুমিয়ে আছে কলম আর পেন্সিল,
ঘুমিয়ে আছে চেস বোর্ড,
কাগজের বক্সে নিরুত্তাপ রাজ দরবার আর পিল।
কখনও মনে হয় তুমি আছো পাশে
ঠিক যেমনটি আমার হৃদপিন্ড আছে,
যেমনটি হাতের মুঠোয় কলম থাকে।
তারপর নীরবতার পাহাড় আসে
এবং হারিয়ে যাও আমার বুক থেকে।
তবুও পঞ্জিকা ঘুরে বসন্ত আসে,
বসন্তে পূর্নিমার চাঁদ দেখলেই
রাত্রীগুলো বিষাক্ত সরীসৃপ হয়ে যায়,
প্রতিনিয়ত পালাবার চেষ্টা করি তোমার স্মৃতি থেকে
কিন্তু শেষ অবধি পরাজিত হই।
লেখকঃ তানজির খান
সময়ঃ তিন বছর আগে কোন এক বসন্তের জোছনা রাতে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



