এই সূর্য আজ আর আমার নয়,
যদিও আমার নোনতা ঘামে ভেজা,
মাধবকুন্ড জলপ্রপাতে ঝরে পড়া
জলের সমপরিমান রক্তের বিনিময়ে অর্জিত।
তোমাদের অন্যায়ের ভারে
প্রভাতের রাঙা সূর্য আজ রঞ্জিত।
এ সূর্য কালো কাকের নয়,
পেখম তোলা ময়ূরের নয়,
সাত ভাই চম্পার নয়,
নয়তো দোয়েল,প্রজাপতি অথবা শালিকের।
তোষকের নীচে ঘাপটি
মেরে থাকা ছারপোকার নয়,
সার্কাসের হাতির নয়,
তরুণের নয়, তরুণীর নয়।
রোদে পোড়া কৃষকের নয়
আদর্শ লিপি হাতে শিক্ষকের নয়
রাত জাগা শুন্য দৃষ্টির প্রহরীর নয় ।
এ সূর্য আমার নয়, রক্তিম জবার নয়
নজরুল অথবা রবীন্দ্রনাথের নয়।
এ সূর্য পুঁজিপতির,এ সূর্য কপটের
এ সূর্য কর্পোরেট অফিসের
এ সূর্য আইসক্রিম পার্লারের,সিনেপ্লেক্সের,
প্রতারকের আর বিবেক বেচা বুদ্ধিজীবীর।
এ সূর্য কবির অথবা পাঠকের নয়
হিন্দু,মুসলিম অথবা বৌদ্ধের নয়;
এ সূর্য যুদ্ধবাজের, এ সূর্য ডলারের।
শাহবাগের নয়, টি এস সি’ র নয়
এ সূর্য এখন ওয়াল স্ট্রিট আর মতিঝিলের।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


