হ্যালো, কেন যেন আবার ফিরে এসেছি।
দূর হতে বলছি। অতীতের সবচেয়ে গোপন গহ্বর থেকে বলছি।এ প্রাণে এখনো কৃষ্ণচূড়া ফোটে। এখনো আগের মত বসন্তের অপেক্ষা নিয়ে আছি। তুমি কি কখনও ভেবেছো শুভ্র ফুলগুলো সে দিনের মত কেন এখনো নিরব? ধূসর প্রান্তে যা কিনা শেষ হয়ে যেত পারতো তা কেন এখনো বিদ্রহী হয়ে ওঠে?
হ্যালো, আমিই বলছি। একটুও ভুল হয়নি তোমার।
এতদিনের চেনা স্বর।তোমার ভুল হবার কথা নয়। সেই কবে একবার মরেছিলাম রাজপথের ঠিক মাঝখানে। আমার ছড়িয়ে পড়া মগজ কুকুর খেয়েছিল। সে দিনের সেই গড়িয়ে পড়া রক্তের স্রোত এখন আর নেই। কত বাস আর ট্রাক ছুটেছে সেই রাস্তায়।''সমগ্র বাংলাদেশ পাঁচ টন'' লেখা ট্রাকগুলো একবারের জন্যেও থমকে দাঁড়ায় নাই। একবারের জন্যও সামরিক,বেসামরিক বা শুধুই জনতা সেদিনের পর থেকে আমাকে স্মরণ করে নাই। অথচ কি ব্যাথা নিয়ে আমার অনু-পরমানুতে এখনো শুধুই তুমি। বিশ্বাস করো ঝুম বৃষ্টিতে আমি এখনো জেগে উঠি। এখনো রাস্তায় আমি ঝলসে যাই তোমাদের ছোড়া পেট্রোল বোমায়।
হ্যালো, তুমি কি শুনতে পাও?
বিদ্যানিকেতনে যে দিন জীবনের প্রথম ভোরেই লাইব্রেরীর তাকে সাজানো বইয়ের ঘ্রাণ পেয়েছিলাম। তারপর থেকে তোমাকে আর আমাকে পার্থক্য করতে পারি নাই। সেই থেকে তুমি ধর্ষিত হলেই মনে হয় আমি ধর্ষিত হয়েছি। রাজপথের মিছিলে তোমার উপর পুলিশের লাঠিচার্জ হলেই আমার সমস্ত শরীরে রক্ত জমাট বেধে যায়। চলন্ত বাসে উড়ে আসা পেট্রোল বোমায় আমিও পুড়ে ছাই হয়েছি। মেডিকেলের বার্ন ইউনিটে আমিও তোমার সাথে মৃত্যু যন্ত্রণায় কাতরিয়ে পরাজিত হয়ে পৃথিবী ছেড়েছি।
হ্যালো হ্যালো, জানি তুমি এখনো কান পেতে আছো।
তোমাকে অনেকবার জানাতে চেয়েও জানাতে পারি নাই। আমার শৈশব কেড়ে নিয়েছিল ওরা। আমার খেলার মাঠ, সহজ সরল পথ, শহরের সবগুলো পার্ক কেড়ে নিয়েছিল আমারই কাছ থেকে। ওরা আমার যৌবন কেড়ে নিয়েছিল বিশ্ববিদ্যালয়ে পা দেবার পর থেকেই। আমি বেড়ে উঠেছি বিভ্রান্তিতে। আমি বেড়ে উঠেছি মহা বিভ্রান্তিতে।
হ্যালো, আজ আর কিছুই গোপন করব না।
আমি কবি হতে চেয়েছিলাম, ওরা আমাকে বানিয়েছে ব্যাপারী। বারবার হায়নার থাবায় আমি হয়ে উঠেছিলাম অসহিষ্ণু। নিজের অথবা তোমার কথা ভাবার কোনো সুযোগ ছিলনা আমার। আমি শুধু ওদের শেখানো বুলিই একের পর এক বলে গেছি। আমি কখনই আমি হয়ে উঠতে পারি নাই।
হ্যালো, হ্যালো...
শুনতে কি পাও? আবার আমি জন্ম নিব প্রতিটা ঘরে ঘরে। আবার আমার জন্ম হবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে,প্রতিটা রাজপথে,প্রতিটা আড্ডায়, প্রতিটা শিক্ষকের মাঝে, প্রতিটা ছাত্রের মাঝে, আমার জন্ম হবে শাসকের মাঝে,শোষিতের মাঝে, প্রেমে অথবা উদাস হাওয়ায় আমার জন্ম হবে।আমি আলো হয়ে ফিরে আসব। তোমরা যারা আমাকে অবহেলা করেছো, রাস্তায় ছুড়ে দিয়েছো,ছুড়ে ফেলেছো আমার সকল যোগ্যতা। আমাকে অন্ধ করে তোমরা যারা আনন্দ পেয়েছো, যেনে রেখ আমি আলো হয়ে ফিরে এসে তোমাদের অন্ধকার দূর করব।
তানজির খান
কবি, ব্লগার ও নাগরিক সাংবাদিক
[email protected]
https://www.facebook.com/tanzir.khan.3
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



