সদ্যসমাপ্ত বিশ্বকাপ ক্রিকেটে ডোপ টেস্টে ব্যর্থ হয়েছিলেন উপুল থারাঙ্গা। নিষিদ্ধ বস্তু গ্রহণের কারণে লঙ্কান এই ব্যাটসম্যানের বিরুদ্ধে শিগগিরই তদন্তে নামতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের জনপ্রিয় দৈনিক ‘সানডে টাইমস’।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সেমিফাইনালে অপরাজিত সেঞ্চুরি করা থারাঙ্গা ‘প্রেডনিসোলন’ নামের ওষুধ সেবন করেছিলেন, যেখানে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি আছে। আইসিসি এ নিয়ে তদন্তে নামতে যাচ্ছে। তবে থারাঙ্গাকে নির্দোষ প্রমাণিত করতে প্রস্তুতি নিচ্ছেন তাঁর আইনজীবীরা।
পত্রিকাটির দাবি, ওই ওষুধ সেবন করার বিষয়টি স্বীকার করেছেন থারাঙ্গা নিজেই। তবে তাঁর দাবি, বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ অনুসারেই তিনি তা সেবন করেছিলেন। ভারতের শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর ও আশিষ নেহরাও ওই চিকিত্সকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করেন।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গা অবশ্য এ খবর উড়িয়ে দিয়েছেন, ‘আনুষ্ঠানিকভাবে এমন কোনোকিছুই আমরা জানি না। নিষিদ্ধ ওষুধ সেবনের কোনো অভিযোগ বা খবরও আমাদের কাছে নেই।’
থারাঙ্গার ডোপ টেস্টে ব্যর্থ হওয়া প্রশ্নে আইসিসির একজন মুখপাত্র বলেন, এ নিয়েই কোনো মন্তব্য করব না আমি।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





