জাকার্তায় যাচ্ছি।
বেড়ানোর জন্য না। নিছকই অফিসের কাজে - ট্রেনিং। সবমিলিয়ে পাঁচ দিনের ট্যুর। কিন্তু আমার কাছে মনে হচ্ছে পাঁচ মাস। এত্তগুলো দিন ওর কাছ থেকে দূরে থাকব।ম...!
অবাক হওয়ার মতোই। কিন্তু অস্বাভাবিক হয়ত না। নিভাকে ছেড়ে আমি শেষ কবে বাইরে গেছি, মনে করতে পারছি না। একা থাকার অভ্যাসটাই চলে গেছে।
আরও চলে গেছে একা একা কিছু উপভোগ করার ইচ্ছেটা। বিদেশে কোন সুন্দর দৃশ্য দেখলে মনে হয় নিভা থাকলে অনেক বেশি সুন্দর লাগত। কোন শপিংমলে একা যাওয়ার কথা ভাবলেই মনে হয়, যা সবচে মজা পায় শপিং করে, সেই তো নেই। আমি আর কি দেখব? আর একা একা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা তো চিন্তাই করতে পারিনা। কি অদ্ভুত অভ্যাসে জড়িয়ে যে গেছি।
ওহ....শুধু 'নিভা নিভাই' করে যাচ্ছি। পরিচয় দেওয়ার কথা ভুলেই গেছি।
নিভা একটা মেয়ে। বেশ মায়াবতী টাইপের মেয়ে। নাহ...হুমায়ুন আহমেদের উপন্যাসের মত নয়। অন্যরকম। ছটফটে, প্রাণবন্ত আর দারুন রূপবতী। এ শুধু আমার বিশ্লেষন নয়, যারা যারা ওকে ৫ মিনিটের জন্যও দেখেছে - সবারই একই মত। এমন একজন মানুষ, যাকে একবার দেখলে ভুলে যাওয়া কঠিন।
নিভা রাঁধে, আবার চুলও বাঁধে। মানে একহাতে যে কতকিছু করে, না দেখলে বিশ্বাস করবেন না। কেউ যদি চরিত্রের 'এক্স ফ্যাক্টর' নামক সেই রহস্যময় ব্যাপারটার অভিজ্ঞতা পেতে চান, আমাকে জানান। আমি নিভার সাথে আপনার পরিচয় করিয়ে দেব। বুঝতে পারবেন, স্রষ্টা সেই 'এক্স ফ্যাক্টর' কি অকৃপণ হাতেই না ঢেলেছেন ওর মধ্যে।
আরে ধুর...! এত কিছু বলে ফেললাম কিন্তু এটাই এখনও বলিনি যে আমি নিভার কি হই। উঁহু...! কথাটা হবে, নিভা আমার কে হয়।
নিভা আমার প্রেম আর প্রেমিকা - দুটোই, যে আমার বাস্তব আর কল্পনার দুটো জগৎকেই অকল্পনীয় ভালবাসায় আবৃত করে রেখেছে।
আপনি যদি আমার পৃথিবী দেখতে চান - চলে আসুন। পরিচয় করিয়ে দেব আমার জীবন্ত পৃথিবীর সাথে। নিভার সাথে।

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


