
(লিখেছিলাম ঠিক ২০ বছর আগে। নাম দেয়া হয়নি তখন। কি নাম দেয়া যায়, ভাবছি।)
----------------------------------------
তৃষ্ণা ছিল এ বুক জুড়ে।
তাই আকন্ঠ করেছি পান।
প্রেমের পেয়ালা থেকে ঝরিয়েছি কামনার মদিরা।
লিলুয়া বাতাসে উড়ে এলো শুধু
তোমায় নিয়ে লেখা গান।
অস্থির হলেম;
অকারণ বিষন্নতা মন জুড়ে।
আঁধারের অদ্ভুত বিন্যাস ছড়াল বিশালতা,
তাই তোমাকে নিয়েই ভেবে গেলাম।
মগ্ন কান্না আর উদাসী ভাবুকতা -
সব একাকার হলো।
তুমি নেই বলে পার্থিবতা হারালো আবেদন।
পান্ডুলিপি খুলে বসি তাই,
কল্পনার পাখা মেলা আর উন্মনা আয়োজন।
আজ সারাটা দিন জুড়ে শুধু
তোমাকেই খুঁজে গেলাম মেঘের আল্পনায়।
পাওয়া আর না পাওয়ার গোলমেলে হিসেবটা
না হয় পড়েই থাকুক।
লেখা থেমে যায়। কলম শুষে নেয় সব রঙ।
চোখ দুটো বুঁজে আসে।
তোমায় নিয়ে আমার স্বপ্ন দেখার খেলা -
প্রতিদিন। প্রতিক্ষন।।
.
.
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



