
নির্জন দুপুর।
জানালার পাশে বসে বই পড়ছি।
কি একটা পাখি চিড়িক চিড়িক করে ডাকছে।
দূর থেকে ভেসে আসছে দূরাগত কোন গাড়ির হর্নের শব্দ।
আর বাকি সব নিশ্চুপ, অদ্ভুত রকমের চুপচাপ।
বাইরের তীব্র রোদের দিকে তাকালে চোখ ঝলসে যাচ্ছে। কিন্তু তাও তাকাচ্ছি মাঝে মাখে।
বাইরে একটা কৃষ্ণচুড়া গাছ। আগুন লেগেছে তার ডালে যেন।
পাশেই ছাদ।
একটা বেগুনী শাড়ী আর দুটো পালাজ্জো কে যেন ঝুলিয়ে দিয়ে গেছে তারে। একটা বিছানার চাদরও।
রোদের তাপে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ওগুলো।
একটা কাক হঠাৎ ডেকে উঠল। কা...কা...
ওই পাখিটা একটু থেমেছিল। এখন আবার ডাকছে।
গুড় গুড় শব্দের একটা প্লেন উড়ে যাচ্ছে মেঘের সীমানা পেরিয়ে।
আমি সেটাও শুনছি।
জানলার পাশে আমার লাল চেয়ার।
জানলার পাশে আমার পড়ার টেবিল।
এখানে আমি বসি, পড়ি। কখনও গিটার বাজাই।
আমার এই জানলা দিয়ে অনেকটা আকাশ দেখা যায়।
সাদা মেঘ, নীল মেঘ, ধুসর মেঘ।
কি অসাধারণ মৌন একটা দুপুর।
অমলের দৈ ওয়ালা এরকম দুপুরেই বুঝি আসে।
এরকম দুপুরেই একদম একা হয়ে যেতে হয়।
এরকম দুপুরেই একদিন সব ছেড়ে নেই হয়ে মিশে যাব মেঘ আর বাতাসে।
তারপর...
হয়ত কোন হিম হিম সন্ধ্যায় বৃষ্টির ফোঁটায় ঝরে পড়তেও পারি, যদি কেউ ডাকে।
#মৌনতাড়না
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



