এলার্ম বাজার আগেই জেগে উঠি আমি,
রোজ সকালে, তোমার স্পর্শে।
চোখদুটো খুলেই দেখি
একটা ঘুম জড়ানো আদরমাখা মুখ,
নয়তো তোমার দীঘল কালো চুল।
রাতে হেয়ারব্যান্ডটা খুলে রেখেছিলে,
তাই বালিশজুড়ে সমুদ্রের ঢেউ।
আমার গাল ছুঁয়ে আছে
নয়ত চোখের পাতা ছুঁয়েছে কয়েকটা।
তুমি কেঁপে কেঁপে ওঠো হঠাৎ করে।
আমার ছোঁয়া সরে গেলেই
চমকে গিয়ে জেগে ওঠো।
আমাকে উঠতে দাও না,
আবার শুইয়ে দাও হাত ধরে টেনে।
কাজ ভুল হয়ে যাক।
অফিস চুলোয় যাক।
বাচ্চাদেরও ওঠাতে হবে না।
ওরা ঘুমুবে, পড়া হবে না। সব বাদ।
শুধু চাও আমি থাকি তোমার পাশটিতে
যতক্ষন তুমি ঘুমুবে।
তোমার ঘুম গাঢ় হয় আমার ছোঁয়ায়।
তোমার স্বপ্নও ছন্দময় হয় তখন?
হয়ত...
তাই বুঝি সুখের আবেশে চমকে চমকে ওঠো।
আমার প্রতিটা সকাল তাই
একরাশ ভালবাসা নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
আমার ভোরগুলো তাই
তোমার স্পর্শে পবিত্র হয়।
আমার প্রথম সূর্যের আলো তাই
পৃথিবীর সবচে' সুন্দর মুখটাকে দেখায়।
আমি আরেকটা দিন তাই নতুন করে বাঁচি।
#মৌনোতাড়ণা
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ সকাল ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



