
কেক প্রস্তুত, কাটা হবে আরেকটু পরই।করতালির পায়রা উড়বে মুহূর্তেই।
আমরা গাইব সেই চিরায়ত গান -
"হ্যাপি বার্থডে টু ইউ"।
তারপর সেই একই অভিনয়, একই ভঙ্গী।
ক্যামেরার ক্লিক ক্লিক।
ছুরি টুকরো করে ফেলবে মাখনের প্রলেপ।
কেন এই জন্মদিন? এই উদযাপন?
এগিয়ে যাওয়াটাকে মনে করিয়ে দিতে?
অমোঘ নিয়তি নিয়ে ক্ষনিকের ভয়হীনতা?
সবাই জানুক - আমি আছি।
এখন, আজকের দিনটায়। আজ সব আমিময়।
থাকব না কাল হয়তো।
তখন এই ছবিগুলোই আমি হয়ে থাকবে।
একই মুখগুলো তখনও আসবে।
গান গাইবে না। মিলাদ পড়বে।
রোস্ট খাবে না হয়ত। জিলিপি খাবে।
সেন্ট মাখবে না, আতরের সুবাস সময়কে স্তব্ধ করবে কিছুসময়।
সেদিনও ছবি তোলা হবে। স্মৃতিচারনও হবে।
শুধু কেকটাই কাটা হবে না।
হ্যাপি বার্থডে গানটাও গাওয়া হবে না।
থাকবে কেবল একটা ছবি, মালা পরানো।
আর একগোছা ধুপকাঠির ধোঁয়া।
#কাব্যতাড়না
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সকাল ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



