দুই বছর আগেও দেখেছি এক বিষণ্ন জনপদ অন্তর্লীণ অনুভবের
বিরান স্তূপে বনভান্তের মতো জ্ঞানপাপীরা বসে কুঞ্চিত চোখে
পরম মগ্নতায় ধ্যান-সাধনায় অফুরন্ত সময়ের গভীরে উৎসবের
ম্রীয়মাণ নিগূঢ় কাজরীর কুহকে বেঁধে বয়ে চলে তোয়ধির মুখে।
এই সব পুরাণের কথা সবার মগজে ও কোষের ঝিল্লিতে ছিলো
গ্রন্থের পোকারা তবুও কষ্টানলের ঘুরপাকে আলুথালু মনে তোয়ায়
অনঘ গ্রন্থের পাতায় খুঁজে পেত প্রাণের বিভাস─ তারাও হাঁটা দিলো─
যখন ওদের চোখ ঢেকে গেল কুণ্ডলী পাকানো ধাবমান কাল ধোঁয়ায়।
সেদিন দেখেছি সেই নির্জন নীরব জনপদ জনপূর্ণ কোলাহল কলরব
কায়াকিষ্ট উৎরানো বয়সী মানুষের রিপ্লেসড হয়েছে তারুণ্যের গানে
লালন, রবীন্দ্র, নজরুল, হাছন রাজার পুরাণ রাতারাতি বেদখলে সব
সাজ সাজ রবে তারুণ্য আসে যায় উচ্ছ্বাস বিহ্বলতা গাঁথা প্রাণে প্রাণে।
এখন জয় জয়কার ফ্যাশনের─বাজার-ঘরে প্রাণের জোয়ার স্বপ্নময়
এসব দেখে সংবিষ্ট জরাজীর্ণ জ্ঞান-মনন-সন্তরা ঝরাপাতার গান করে
পালায় ধীরে সুস্থে─কেউ প্রাণের দায়ে কাঁটাবনের ঝোপে নিল আশ্রয়
আজিজ মার্কেট ফ্যাশনের দখলে জ্ঞানপাপীরা গেছে নিরাপদে সরে।
মানুষ ভালবাসে ফ্যাশন, ভালবাসে তারুণ্য, শুধু মগ্ন হয় দেহ আরাধনে
দেহের সাধনায় দেহ বাড়ে ফ্যাশনে বাড়ে রুপ তবে পোকা ধরে মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


