
যদি এমন হয় যে আমি আর আমি নেই,
তখন কি তুমি এসে আমার আমিত্বকে গ্রহন করবে?
যদি পৃথিবীর সব আলো নিভে যায় আমার জীবন থেকে
তখন কি আলো হয়ে এসে আমায় পথ দেখাবে?
যখন কালবৈশাখী ঝড় আমায় ভেঙ্গে চুরে দুমড়ে ফেলে উপড়ে নিয়ে যেতে চাইবে
তখন কি পারবেনা তোমার ভালবাসার শক্তিতে আমার জোর করে আঁকড়ে ধরে রাখতে?
চুপটি মেরে আছো যে? বল পারবেনা?
যখন বিষন্নতায় ডুবে গিয়ে
বিষাদের কোমল পানীয় গ্রহন করে
কষ্টের মাদকতায় মত্ত থাকব
তখন কি পারবেনা চাঁদের মত আমার মনে আনন্দের জোয়ার তুলে আনতে?
কি ব্যাপার? চুপ করে আছো যে? তোমার ভালবাসার শক্তি কি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে?
কোথায় তোমার সেই মুক্তো ঝরা হাসি মুখ?
এত মলিন কেন আজ?
একি! তোমার গালে পানি? তুমি কাঁদছ?
না না না, কান্নাতো তোমার সাথে যায় না।
মনে পড়ে? সেই সাদা শাড়ি লাল পাড়,
হাতে ও খোপায় বেলী ফুলের মালা, কপালে লালটিপ আর
লাল লিপস্টিক মাখা ঠোঁটে দুগাল ভরা হাসিতে তোমায় প্রথম দেখেছিলাম।
সেই রূপেই তোমায় অপরূপ লাগে,
যতক্ষণ দেখার সুযোগ আছে সে রূপেই দেখতে চাই।
জানি এই শেষ বিদায়ে তুমি এর চেয়ে ভাল কিছু করতে পারনা।
তবুও যে বিশ্বাস আর ভালবাসার অপার স্নিগ্ধ সাগরে তোমায় স্নান করিয়েছি
তার বিনিময়ে হলেও তোমার এক চিলতে হাসি আমার চাই।
না করোনা লক্ষ্মীটি। এই তো, এই তো, আর একটু, ব্যাস।
অসংখ্য ধন্যবাদ প্রিয়তম। ভাল থেকো।
বিদায়।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



