প্রিয়
সাম্পানে করে ভাসিয়ে দেওয়া তোমার ভালোবাসার তীব্র আকুতিগুলো ঢেউয়ের টানে ভাসতে ভাসতে আমার ঘাটে এসে পৌঁছেছে । পরম মমতায় তোমার ভালোবাসাকে আমি আমার ঘরে এনে রেখেছি । এখানে আমার কেউ নেই , কিছু নেই । আমি একা শুধু একা । তোমার ভালোবাসা মনে আর মননে মেখে কিছুটা হলেও একাকীত্ব থেকে মুক্তি পাবার চেষ্টা করছি ।
যেদিন তোমাকে একা রেখে আমি মেঘের ওপারে চলে এলাম , সেদিন ভেবেছিলাম তোমাকে তোমার এতদিনের দুষ্টুমির শাস্তি দিচ্ছি । দেরী করে বাসায় ফেরার শাস্তি , সিগারেটের ধোঁয়ায় ঘর ভরিয়ে ফেলার শাস্তি , অফিস থেকে বাসায় ফিরে যেখানে সেখানে শার্ট খুলে ফেলে রাখার শাস্তি । না প্রিয় , তোমাকে শাস্তি দিতে পারিনি । আমি নিজেই শাস্তি পেয়েছি , তীব্র একাকীত্বের কঠিন শাস্তি ।
এখন হাতে তেমন কোন কাজ থাকে না । তোমার ভালোবাসা ঘেরা প্রহরগুলোর স্মৃতি রোমন্থন করেই সময় কাটে আমার । জানালার ফাঁক গলিয়ে চাঁদের আলো এসে পড়তো তোমার ঘুমন্ত মুখে । আর আমি চাঁদের আলোয় ঘুমন্ত তোমাকে দেখবো বলে মাঝরাতে ঘুম থেকে উঠে বিছানায় বসে থাকতাম । ঘুম ঘোরে তুমি হয়তোবা খেয়াল করো নি কিংবা করলেও আমকে বুঝতে দাও নি । যখন বাইরে থেকে বৃষ্টি এসে ভিজিয়ে দিত তখন কখনই জানালা বন্ধ করতে দিতে না তুমি । বিরক্ত লাগতো খুব । ইচ্ছে করে ঘর-দোয়ার সবকিছু ভেজানোর কোন মানে হয় ?
এখন আমি একা । পেছন থেকে এসে আর কেউ জড়িয়ে ধরে চমকে দেয় না । পিরিচে ঢেলে শব্দ করে আর কেউ চা খেয়ে রাগিয়ে দেয় না আমাকে । জোছনা রাতে চাঁদের আলো বাঁধ ভেঙ্গেছে গানটা কেউ কানের কাছে ফিসফিস করে গায় না । বিশ্বসংসার তন্ন তন্ন করে ১০৮ টা নীলপদ্ম এনে দিতে পারবো না , তার বদলে আমার হিয়াটা নিজের কাছে রাখো এই কথাটা আমাকে আর কেউ বলে না । 'আরে বাঁকা করে টিপ পড়েছো কেন ?' এতুটুকু ছুঁয়ে দেওয়ার ছুতোয় কেউ আর এ কথা বলে না । মাথাটা এগিয়ে দিয়ে আর কেউ বলে না ' চুল চিরুণি করতে ইচ্ছে করে না জানো-ই তো , হাত দিয়ে চুলগুলো ঠিক করে দিলে কি হয় ? '
যেদিন আমায় শেষ শয্যায় শুইয়ে দিয়েছিলে সেদিনের কথা মনে আছে ? দিকভ্রান্ত পথিকের মত দেখাচ্ছিল তোমাকে । চোখদুটো লাল হয়েছিল । তোমাকে একা ফেলে আমি চলে আসলাম তুমি কি অভিমান করেছো ? আমি তো তোমাকে ছাড়তে চাই নি । নিয়তি জোর করে তোমার বুক থেকে আমার মাথাটা সরিয়ে দিয়েছে ।
আমি একা প্রিয় , খুব একা । মেঘের এপাশটায় খুব অন্ধকার । অন্ধকার বললে ভুল হবে । বিজলি বাতি আছে অনেকগুলো । আমি নিভিয়ে রেখেছি । তোমাকে ছাড়া আলোকোৎসব করা আমার হবে না । তুমি যেদিন আমার কাছে আসবে সেদিন সবগুলো বাতি একসাথে জ্বালাবো ..................
ইতি
তোমার হারিয়ে যাওয়া কেউ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


