মনে পড়ে লাজুক চন্দ্রবিন্দু চুষে চুষে খেয়েছিলাম
অপ্রাপ্তবয়স্ক চুমু -- তারপর ক্ষত কার্তুজে একটু
আধটু বিপ্লব নেমে দাঁতে দাঁত চেপে ঠিক চুমুর
নিচেই ভেঙ্গেছিল অসংখ্য প্রাপ্তবয়স্ক প্রেমের গুপ্ত পাঠ,
মনে পড়ে প্রথম প্রেমের পর নড়বড়ে পাতার
উপর দাঁড়িয়ে নির্ভয়ে পড়েছিলাম বোবা
গাছের নিঃসঙ্গতার হরিত স্মারক ।
একদিন ভুলভাল পতঙ্গ উড়িয়ে বরফ-কাঠে
একটুও না নড়ে কিছুক্ষণ চেয়েছিলাম
অন্তরঙ্গ পৃথিবীটা একটু মাথা নেড়ে চুপ থাক-
শুধু ঋদ্ধ ঠোঁট আর বুক নড়ে মাঝখানে
নেমে যাক শেষকৃত্যের জল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




