পুরনো কাপড় চোপড়ে ঘনিষ্ঠতার গন্ধ পেয়ে
বেডরুমে আমার আটক নিঃশ্বাস
যেন ইদানিং আরও সতর্ক,
অল্প দামের ক্ষত নিয়ে আকাশের আরও উপরে
লতিয়ে উঠে এক অন্য আকাশ,
সাপলুডু খেলায় পরাজিত
নদীর লোমকূপ চেনে শুধু তার দীর্ঘ বিস্তার;
ওটা সংসার নয় তবু
একদল অন্তসত্বা মৌমাছি কোত্থেকে মৌচাক
ভেঙ্গে নিয়ে আসে নতুন করে ঘর বাঁধার প্রস্তাব।
ঝরা পাতার মোহর ও তার শেকড় উপড়ে
নিজের ছায়ার ছোবল-ই
আজকাল আমার শেষরাতের একমাত্র উপহার।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





