ভারতীয় টিভি চ্যানেল সনি টিভি’র রিয়েলিটি শো ঝলক দিখলা যার জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন বলিউডি তারকা মাধুরী দীক্ষিত। আর এজন্যই অনুষ্ঠানটিতে দ্বিতীয়বারের জন্য বিচারকের আসনে বসতে এবারে চড়া দামই হাঁকছেন তিনি। খবর মিডডেডটকম-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এরইমধ্যে ভারতের রিয়েলিটি শোগুলোর বিচারকদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী পাওয়ার খাতায় নাম লেখানো মাধুরী আবারো ঝলক দিখলা যার বিচারক হবেন, এ ব্যাপারটি এখন প্রায় নিশ্চিত। বিষয়টি নিয়ে সনি চ্যানেল কতৃপক্ষ মুখে কুলুপ এঁটে বসে থাকলেও, মাধুরী খোলামেলাভাবেই জানিয়েছেন অনুষ্ঠানে তার দ্বিতীয়বারের মতো অন্তর্ভুক্তির কথা।
জানা গেছে, এ প্রসঙ্গে মাধুরী বলেছেন, ‘বিষয়টি নিয়ে এখনো কথা-বার্তা চলছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অনুষ্ঠানটিতে আমার প্রথমবারের অংশগ্রহণ আমি বেশ উপভোগ করেছি। আবারো বিচারকের দায়িত্ব এলে আমি তা আনন্দের সঙ্গেই পালন করবো। তবে সম্মানীর ব্যাপারে কোনো ছাড় দেবো না।’
কিন্তু জানা গেছে, সবকিছু শুরু হওয়ার আগে মাধুরী এখন ফিরে যেতে চান যুক্তরাষ্ট্রে, তার স্বামী এবং সন্তানদের কাছে। এ প্রসঙ্গে মাধুরীর ভাষ্য, ‘আমি জানি না কবে ফিরতে পারবো। এই প্রথম মুম্বাইয়ে এতো দীর্ঘসময়ের জন্য আমি আমার স্বামী এবং সন্তানদের থেকে দূরে থেকেছি।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



