জানি না তোমার স্বপ্নের কোমল প্রেমিকারা কি চেয়েছিলো
আমি তেমন কিছু চাইবার কামনায় সিক্ত হতে পারি না ।
আমার দেহ জুড়ে যৌবনের লক লকে শিখা
শূন্য বুক , পেট , ঠোঁট পেরিয়ে এক জরায়ু খিদে!
আমাকে একটা নিঃশ্বাস যোগ্য নরক দিতে পারো?
দিতে পারো দেশ জুড়ে দ্রোহের আশ্বাস ?
দিতে পারো বঙ্গোপসাগরের ঢেউয়ে ঢেউয়ে তীব্র ঘূর্ণি ?
দিতে পারো চট্টলার পর্বতে বিধ্বংসী লাভা স্রোত ?
আমাকে শোনাবে ঘুম ভাঙনিয়া গান?
আমাকে পড়াবে চোখে চোখে বিপ্লবের কবিতা ?
তোমার আমার ঔরসের শিশুরা কি নাচবে তান্ডব মহাকালের ?
তুমি কি তেমন জানো কৃষি , ফলবে পতিতার গর্ভে পবিত্র দৈব ?
পারবে নখরে নখরে ছিন্ন ভিন্ন করতে আমার শান্ত দুর্বলতা ?
পারবে , ভয়ানক ছোবলে জাগাতে নীলচে নিরবতা ?
পারবে আমায় ক্ষমাহীন , বিনিদ্র , নিষ্ঠুর ন্যায় এনে দিতে ?
চলবে সুবিধাবাদিতার , বিস্মৃতির, আপোসের বিপরীতে ?
না হলে আমাকে প্রেম দিও না ।
বিষহীন সাপে আমার রুচি নেই!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


