প্রিজন সেলের ভেতরটা স্যাঁতস্যাঁতে-
বাল্ব এর আলোটা কেমন যেন পুরোন.
রাত তিনটা-
গ্রিলের ওপাশেই যেনো অশুভ কিছু হাঁটু গেড়ে বসে আছে.
আমি গ্রিল ধরে দাড়ালাম-
অন্ধকার করিডোরে কারা যেন হামাগুড়ি দেয়.
দাঁড়কাকের ছায়া প্রকট হতেই-
আমার চারপাশ যেনো থরথর করে কেঁপে উঠল.
অশুভের জন্মলগ্ন অনুভব করি-
প্রতিটা শিরায় শিরায়.
অন্ধকারের প্রতিনিধিরা যেন আলোর বুকে পা তুলে দিয়ে বলতে চায়-
অন্ধকারের জয় হোক.
তাদের অট্টহাসিতে নিভু নিভু প্রায় মনপ্রদীপের পবিত্র আলো.
দাঁড়কাকটা উদ্ধতভাবে পায়চারি করে-
আমি ভেতরে ভেতরে কুঁকড়ে যাই.
সেদিন রাতে যে আঁধার পা রেখেছিলো মনের গভীরে,
তা এখন ছুটে বেড়ায়- আলোর ভাঁজে ভাঁজে.
দাঁড়কাকের পদধ্বনিতে চাপা পড়ে যায়-
পাপ পুন্যের আদিম বিতর্ক.
আমি দুমড়ে মুচড়ে নিজের দুকান চেপে ধরি,
তবু শুনতে পাই-মৃত্যুস্রোতের আর্তনাদ.
অপেক্ষায় থাকি কখন সকাল হবে-
দাঁড়কাকটার ঠোঁটে কি নিস্করুণ তাচ্ছিল্য.
ভোরের আলো ফুটতেই- দাঁড়কাকটা উড়ে চলে গেল.
আমি জানি সে আবারও যেয়ে বসবে-
কোন ইলেকট্রিকের তারে.
আধাঁরে মুড়িয়ে দেবে -চারপাশ.
বিভ্রান্ত হবে কেউ একজন.
আমি জানি-
লোকটা ভোরের আলো ফোটা পর্যন্ত জেগে থাকবে-
দেখবে কাকটার উড়ে যাওয়া-
শুনবে ডানা ঝাপটানোর শব্দ-
একদম শেষ মুহুর্তে শুনবে-
কাকটার অন্তিম বিজয়োল্লাস-
কাঁআ কাঁআআ.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




