সাদাত হাসান মান্টো। উর্দুভাষা সাহিত্যে মান্টো নামে অধিক পরিচিত। মান্টো আসলে তাঁর গোত্রের নাম। তিনি জাতে কাশ্মীরী পণ্ডিত ছিলেন। আমাদের এই উপমহাদেশীয় শিক্ষিত সমাজে কেন জানিনা, অত্যন্ত স্বাধীনচেতা মানুষগুলি শেকড়ের কারণেঅকারণে প্রচণ্ড গোড়ামীতে ভোগেন। মান্টো তার ব্যতিক্রম নয়। তিনি তাঁর কাশ্মীরী শেকড়ের টানে গোড়া ছিলেন। মান্টোর সাথে পরিচয় হয় একটু অন্যভাবে। যেহেতু তিনি উর্দু লেখক তাই কেউ হাতে ধরে তাঁর সাথে পরিচয় করিয়ে দেয়নি। বলিউডের অভিনেতা নাওয়াজউদ্দিনের আগামী সিনেমার খোঁজ করতে গিয়ে “In Defence of Freedom” আনুগমিকটি দেখে তাঁর সম্পর্কে, তাঁর লেখা সম্পর্কে জানতে ইচ্ছা করে,কিন্তু সে ইচ্ছা আরও হাজারো ইচ্ছার নিচে একসময় চাপা পড়ে যায়। এর অনেকদিন পর মান্টোর গল্পের একটা বাংলা বই হাতে এসে লাগে। ইন্টারনেট থেকে যতটুকু জেনেছি মান্টোর লেখা উল্লেখযোগ্য গল্পগুলির একটি “ঠান্ডা গোশত”। বইটি হাতে পাবার পর মান্টোর জীবনীতে একটু চোখবুলিয়েই চলে যাই “ঠান্ডা গোশত” গল্পটি পড়ার জন্য। গল্প ছোট। বাংলায় পড়ে মনেহল গল্পটি যেন অনেক খাপছাড়া, শুরু হতে না হতেই শেষ। কিছুতেই হজম হতে চাইছিল না ব্যাপারটা। উর্দু যেহেতু পড়তে পারিনা, কি করবো বুঝতে পারছিলাম না। পড়ে একটু আগ্রহ নিয়ে খুঁজে দেখি তাঁর প্রায় সব গল্পগুলির অডিও সংস্করণ আছে ইউটিউব এ। যেহেতু কমবেশি হিন্দি আগে থেকেই ভাল বুঝি আর উর্দু অনেকটা হিন্দির মতই তাই শুনতে আরম্ভ করলাম। শুরু করলাম “ঠান্ডা গোশত” দিয়ে। গল্পটা শোনা শেষ হলে মনেহল যেন বাংলায় অনুবাদক শুধু থানকাপড় পরিয়ে গল্পটাকে উপস্থাপন করেছে। আসল অলংকার সবগুলিই অনুবাদক যেন ইচ্ছে করে খুলে রেখেছে লজ্জায়। এরপর এক এক করে অনেকগুলি গল্প শুনলাম। এরমধ্যে “খোল দো” আর “বাদশাহাত কা খাতমা” গল্প দুটি আগের দেখা যথাক্রমে সৃজিতের “রাজকাহিনী” আর মৃণাল সেনের “অন্তরীন” সিনেমা তে ব্যবহার করা হয়েছে। সিনেমা দুটি দেখেছি অথচ মান্টোর সাথে পরিচয় হয়নি,ভেবে একটু অবাক লাগলো। মান্টো এই উপমহাদেশীয় সমাজের গল্প লিখেছেন। আমাদের উপমহাদেশীয় পুরুষ শাসিত সমাজের পর্দার আড়ালে লুকানো ঘা পাছড়া গুলিকে মান্টো তাঁর গল্পের আয়নায় উলঙ্গ করে দিয়েছেন। এতে অনেকে লজ্জা পেয়েছেন,অনেকে মজা পেয়েছেন,অনেকে তা পর্দা দিয়ে আবারও ঢাকতে চেষ্টা করেছেন, অশ্লীলতা বলে চোখ বন্ধ করে নিয়েছেন। অথচ আজকাল এই ঘা পাছড়াকে লুকিয়ে শুধু নগ্নতাকে যখন উপভোগ্য পন্য করা হয়েছে তখন তার গায়ে লেগেছে স্বাধীনতার মার্কা।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



