আর পারবেই বা কি করে বল! আজ তুমি চরম আনন্দিত, উত্তেজিত, শিহরিত আর ধরা পড়ার ভয়ে কিঞ্চিত ভীতও কি?
আহা, চাঁদটা খুব জ্বালাচ্ছে।যে রাতে আমাকে গোপনে কবর দেওয়া হয়েছিল সে রাতেও পুরো আকাশ জুড়ে বিশাল বড় একটা চাঁদ ছিল।কিন্তু আমার লাশের পাশে ছিল শুধু আমার হতভাগ্য পিতা আর ছোট ভাইটি। তোমার কিছু মনে আছে কি?
থাক, আজ আমার প্রসঙ্গ না হয় বাদই দিলাম।
জান, আমার খুব কষ্ট লাগছে; মেয়েটার জন্যে নয় তোমার জন্যে। তুমি কি জান আজ সে নয় তুমি তোমার সব কিছু হারিয়েছ? তোমার পুরুষত্ব বলে কিছু নেই বলেই কি একটা মেয়েকে পেতে তোমার তার উপর রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়তে হয়েছে? তাকে পেতে তোমার পেশীশক্তির ব্যবহার করতে হয়েছে ঠিক যেভাবে একটা পশু তার শিকার ধরে?
কি বোকা তুমি! তার সতীত্ব হরণের আনন্দে আজ তুমি বিভোর অথচ সে তো কিছুই হারায় নি! সতীত্ব কি এত ঠুনকো জিনিস যে কারো জবরদস্তিতে শেষ হয়ে যাবে?
না, আমি তা মানি না। সে এখনও পবিত্র আছে।
আমার বেলায় কি হয়েছিল তা বলতে পার? আমার সাথে তোমার সম্পর্কটাই বা কিসের ছিল? প্রেমিক-প্রেমিকা নাকি স্বামী-স্ত্রী?
আমি তো আল্লাহর কালাম পড়ে, যীশুকে সাক্ষী রেখে তোমার নামে কপালে সিঁদুর একেছিলাম। তাহলে কেন সালিসে তুমি একবাক্যে অস্বীকার করলে যে আমাকে তুমি চিন না? আমার গর্ভের সন্তানের সাথে তোমার কোন সম্পর্ক নেই? সবাই মিলে যখন আমাকে পাথর ছুড়ে মারল তখনো এতটা কষ্ট হয় নি যতটা না হয়েছিল তোমার বদলে যাওয়া দেখে। জান, জ্ঞান হারাবার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপ্রাণ চেষ্টা করে ছিলাম বেঁচে থাকতে, নিজের জন্যে নয় আমার সন্তানের জন্যে। কিন্তু তোমরা কেউ তা হতে দিলে না।
চাঁদটা বড় জ্বালাচ্ছে আজ।চাঁদের আলো দেখলেই এখন আমার ভয় লাগে। তোমার মনে আছে কি প্রতি জ্যোৎস্না রাতেই তুমি আমার সাথে ভালবাসার নামে ছলনাটা বেশি করতে?
থাক, সে সব মনে করে কি হবে আজ? শশীর বাবা ওর চাঁদের মত মুখখানি দেখে বড় আদর করে নামখানি রেখেছিলেন-শশী।
শুনলাম সেই শশীর মুখে এসিড ছুড়েছ। বেশ করেছ, তোমার নষ্টামি সে সবার কাছে ফাস করে দিবে, পত্রপত্রিকায় তোমার বিরুদ্ধে লিখবে আর তুমি বুঝি তাকে ছেড়ে দিবে? তোমার হাতে এখন অনেক ক্ষমতা, তার কিছুটা তো সবাইকে দেখাতেই হবে।
আজকাল আমার আর তাই তোমাকে দেখলে ঘৃণা হয় না।আমার খুব লজ্জা হয় সেই ঈশ্বরের কথা ভেবে যিনি একটা নিরপরাধী মেয়েকে তোমার হাত থেকে রক্ষা করেন না, যিনি আমাকে কখনো সমাজে স্বীকৃতি দেন না, যিনি শশীর হাত এত শক্ত করে দেন না যে তোমার কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দিতে পারবে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


