কোন একদিন হঠাৎ করেই কিছু না বলে
অনায়াসেই হাত পেতে চেয়ে বসবো
তোমার মালিকানার এক অষ্টপ্রহর।
তুমি যদি আমাকে প্রেমিক ভাবো
তবে বেশ ভুল করবে।
এমনিতেই চেয়ে নিবো অষ্টপ্রহর।
তারপর-
তোমাকে নিয়ে যাবো সমুদ্রের ধূ ধূ বালিতে।
তুমি চাইলে আস্বাদ নিয়ে বাহারি কিছু চেখে দেখতে পারো।
না, ওইসব মেয়েলি জিনিস আমি খাই না।
আমি শুধু একাকার হবো বালির মতো।
চকচক করবো সাগরের মুক্তার মতো।
অনেক দিন নদী দেখি না।
ভাবছি, তোমায় নিয়ে নদীতে যাবো।
হিল্লোল- কল্লোলের জটিল সমীকরণগুলো
আমার কাছে এখনো দুর্বোধ্য।
আমি না হয় বসে বসে তার হিসেব মেলাবো।
তুমি চাইলে জল তরঙ্গে ছিনিমিনি খেলতে পারো।
আমি রাগ করবো না।
অনায়াসে সব মেনে নিবো।
আমার শ্লোকের পাণ্ডুলিপিটা বেশ হয়েছে।
তুমি না হয় দেখেই নিও।
তুমি আমায় পাগল ভাববে?
তেমন কিছু যায় আসে না।
পাগলতো আমি সেই আজন্ম।
শেষ প্রহরগুলোতে তোমার করতলে হাত রাখবো।
ভয় পেওনা। আমি লম্পট নই।
শুধু ভাজ করা কাপড়ের মত জমে থাকা
পরিষ্কার কথাগুলোই বলবো।
তুমিও মাঝেমধ্যে আপন মনে বলে যাবে।
আমি বিজ্ঞের মতো মাথা নেড়েই যাবো।
ক্ষণে ক্ষণে হেসেও উঠবো।
দীর্ঘ প্রহরে খুনসুটি হতেই পারে।
আপত্তি নেই।
দোষগুলো সব নিজের করে নিয়ে নিবো।
শেষ প্রহরে তোমায় আমি বিদায় দিবো।
তুমি চাইলে খানিকটা এগিয়েও দিবো।
তারপর-
তুমি অমর হবে।
বেঁচে থাকবে কোটি বছর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


