
গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা দিয়ে কোত্থেকে আসে আমি বুঝিনা। আমি পারতপক্ষে ওষুধ না খাওয়া মানুষ। কিন্তু ভার্যা জোর করে নাকে ড্রপ দিয়ে দিল। নাক দিয়ে জল পড়া মনে হয় আরো বেড়ে গেল। বউকে সেটা বুঝতে না দিয়ে বললাম কিছুটা ভালো লাগছে!পাছে আবার ড্রপ মেরে দেয়! এত কিছুর পরও কিন্তু পথ চলা বন্ধ হয়নি। কর্মস্থলে যেতে হচ্ছে, সংসারের কাজও করতে হচ্ছে।
করোনাকালীন সময়েও আমি মুখে মাস্ক পড়িনি। কারণ অস্বস্তি লাগে। অফিস থেকেও আমাকে সতর্ক করা হয়েছিল মাস্ক না পড়ার জন্য। কিন্তু আজ অদ্ভুতভাবে খেয়াল করলাম, মাস্ক পড়লে দেখি খুব ভালো লাগছে। আজকে সারাদিন মুখে মাস্ক পড়ে ছিলাম।
অফিসের কাজে আজ মতিঝিল যেতে হয়েছিল। ফেরার পথে পা চালিত রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালাকে এখানে সবাই ‘মামা’ বলে সম্বোধন করে আর সমবয়সী হলে তুই-তোকারি করে! আমি স্রোতের বিপরীতে হাঁটা মানুষ। আমি তাদের ‘ভাই’ বলি আর আপনি বলে সম্বোধন করি। মতিঝিল আইডিয়াল স্কুল পার হওয়ার সময় একটা ব্যাটারি চালিত রিক্সা আমাদের ক্রস করার সময় চালক আমার রিক্সাওয়ালাকে অনেকটা তুচ্ছের সুরে বলল, আর কত পা মারবি, এবার একটু অটো হ। কিছুদূর যাওয়ার পর দেখি সেই ব্যাটারি চালিত রিক্সাচালক একটি সিএনজিওয়ালার সাথে ঝগড়া করছে, মনে হয় সে লাগিয়ে দিয়েছে। ওই রিক্সায় যাত্রী ছিলেন একজন নেকাব পরা যুবতী। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আমিও মাস্ক পরা, শুধু চোখ দেখা যায়। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, মুড়ি খাও।
শুনলাম এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নাকি একজন বাংলাদেশের রমণী অংশগ্রহণ করেছে! একদিকে দেশ আরেকদিকে ধর্ম, আমি বুঝতে পারছি না। কথা হল দেহের রং কালো নাকি সাদা এটার উপর কি মানুষের কোন হাত আছে? এটা কি কোন দোষ-গুণের পর্যায়ে পড়ে? দেহের রং ফর্সা এটা কি কোন যোগ্যতা? এসব অশিক্ষিতদের এগুলো কে বুঝাবে।
কোরআন বিষয়ক একটি লেখা এখনো শেষ করতে পারিনি। নাসারন্ধ্র এখনো নিশপিশ করছে। পুরো রাত পড়ে আছে। চিন্তা করছি রাতেও মাস্ক পড়ে থাকবো। বউ আবার কী মনে করে সেটা ভাবছি। জল পড়ে ….
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




