প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
`জনপ্রতি মাত্র ১হাজার করে টাকা দিলেই বেতনে সই।' কিন্তু প্রাইমারীর ছাত্র পড়ানো শিক্ষকরা ঐ টাকা আর কোথায় পায়! তো উৎকোচের টাকা নাই তো বেতনও নাই। শিক্ষকের সংখ্যা মাত্র ৩৯ জন। আর ঘুষের অংকটাও ৩৯ হাজার। এই ন্যায্য (!) উৎকোচের দাবি কুড়িগ্রাম জেলা হিসাব রক্ষণ অফিসার ওয়াহেদুজ্জামানের।
শিক্ষকদের অনুরোধ, চেষ্টা, তদবির আর নানা নিবেদন-আবেদনেও মন গলেনি হিসাবের মানুষ ওয়াহেদুজ্জামানের। কিন্তু এবার সকল শিক্ষকরাই ফুসে উঠতে শুরু করেছে। বিক্ষুব্ধ শিক্ষকরা এ নিয়ে শুক্রবার প্রাথমিক শিক্ষক সমিতির খলিলগঞ্জস্থ জেলা কার্যলয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। আ.ন.ম আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি মনির উদ্দিন তরফদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উলিপুর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রাজারহাটের সহ-সভাপতি রেজাউল হক, ফুলবাড়ির সাধারণ সম্পাদক মল্লিক এছাড়াও ভূক্তভোগি ৩৯ শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক এহসানুল আলম, আব্দুল মমিন, সেকেন্দার আলী প্রমূখ। এই সভায় ৭টি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা জানান, কুড়িগ্রাম সদর উপজেলার ৩৯জন পিইডিপি-২ সহকারী শিক্ষকের ৩ মাসের মাসিক বেতন বিল দেয়ার জন্য কুড়িগ্রাম জেলা হিসাব রক্ষণ অফিসার ৩৯ হাজার টাকা উৎকোচ দাবি করে। সেই দাবির টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় জেলা হিসাব রক্ষণ অফিসার বিলগুলো স্থগিত রাখে। শিক্ষকনেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ঐ জেলা হিসাব রক্ষণ অফিসারের অপসারণ ও বিলগুলো দ্রুত পরিশোধের দাবি করেন। নইলে লাগাতার কর্মসূচির ঘোষনা দেয়া হয় সমাবেশে।
অপরদিকে এ নিয়ে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু তাতে যেন কারই টনক নড়েনি। বেতন পায়নি শিক্ষকরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


