১৭দিন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে কেরোসিনের আগুন পুড়িয়ে দেয়া গৃহবধু জোবেদা। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে শুক্রবার লাশ কুড়িগ্রামে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়।
প্রকাশ, যৌতুকের দাবিকৃত মাত্র ৫০ হাজার টাকা না পাওয়ায় গত ১৭ আগস্ট শরীরে কেরোসিন ঢেলে দেয় পাষন্ড স্বামী মোজাফ্ফর। আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ গৃহবধু জোবেদার (২৫) মুখমণ্ডলসহ গোটা শরীরই পুড়ে যায়। শরীর জুরে দগদগেঘায়ে পচন ধরে। জানা যায়, ছয় বছর আগে রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের জহুরুল হকের মেয়ে জোবেদা বেগমের সাথে পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দুর্গাপুর গোড়াই রগুরা গ্রামের বছিয়ত উল্লার ছেলে মোজাফ্ফরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিল স্বামী ও তার পরিবার। এ জন্য জোবেদার গরীব বাবা জমি জিরাত বিক্রি করে এর আগে ৪০ হাজার টাকা দেয় জামাইকে ব্যবসা করার জন্য। পরবর্তিতে আবারও ৫০ হাজার টাকা দাবি করে না পেয়ে গত ১৭ আগস্ট সকালে জোবেদাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে মোজাফ্ফর জোবেদার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে অগ্নিদগ্ধ স্ত্রীকে নিয়ে প্রথমে কুড়িগ্রাম ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১২দিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাবার পরামর্শ দেন। কিন্তু পাষন্ড মোজাফ্ফর ঢাকায় না নিয়ে গিয়ে বাবার বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ৩০ আগষ্ট জোবেদার পরিবার তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। বৃহস্পতিবার এক কন্যা সন্তানের জননী জোবেদা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এ ব্যাপারে জোবেদার বাবা বাদী হয়ে মোজাফ্ফর ও তার ভাই মোস্তফার বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় প্রভাবশালীদের নিয়ে ঘটনা ধামাচাপাদিতে মিমাংসার চেষ্টা হচ্ছে বলে জানা গেছে।
ভিডিও দেখুন: http://www.youtube.com/user/alamgir250205
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




