পুলিশ জনগনের বন্ধু । অথচ এই পুলিশই জনগনকে এতবেশি হেনস্তা করে যে জনগনের আস্থা, বিশ্বাস ও বন্ধুত্বের জায়গাটি জনগন এখন জলাঞ্জলী দিতে শুরু করেছে । পুলিশি হয়রানি প্রতিরোধে স্বসচেতনতায় সবচেয়ে বেশি জরুরী । এ বিষয়ে বলার শেষ নেই ,কারন যে সরকার যখন ক্ষমতায় থাকুক না কেন এদেশের সাধারণ জনগনের উপর পুলিশ তার একক আধিপত্য সবসময় বজায় রাখে । তবু আজ কয়েকটি খুব সাধারণ পুলিশি হয়রানি ও তা নিরোধের কথা বলব ।
মাঝেমধ্যেই দেখা যায়, পুলিশ যে কাউকে থানায় যেতে বলে কিংবা থানায় গিয়ে দেখা করতে বলে । কিন্তু কোন পুলিশ যদি কাউকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় বা কোন অপরাধের তদন্ত করতে চায় সেক্ষেত্রে পুলিশকে সমন জারি (লিখিত আদেশ) করতে হবে এটা না করা পর্যন্ত থানায় বা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য কাউকে বাধ্য করা যায় না । যেক্ষেত্রে কোন নারী বা ১৮ বছরের নিচে কোন শিশু জড়িত সেক্ষেত্রে পুলিশ শুধু তাদের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে । তাই অযথা থানায় কোন দারগা আপনাকে মোবাইলে ফোন করে অথবা আপনার বাড়িতে লোক পাঠিয়ে থানায় দেখা করতে বললেই সমন না পাওয়া পর্যন্ত দেখা করবেন না । ওগুলো টাকা খাওয়ার ধান্ধা ছাড়া আর কিছুই নয় ।
তবে যদি আপনি কোন অপরাধমূলক ঘটনা সম্পর্কে কোন কিছু জেনে থাকেন তাহলে সততার সাথে খোলামেলাভাবে পুলিশকে সব তথ্য জানানো আপনার নাগরিক দায়িত্ব । আর যদি আপনি কিছু না জেনে থাকেন তাহলে পুলিশ আপনাকে কোন বিবৃতি প্রদান বা শেখানো কিছু বলার জন্য বাধ্য করতে পারে না । যখন পুলিশ আপনার বাড়িতে এসে অথবা পথে ঘাটে অথবা সমন দিয়ে থানায় ডেকে নিয়ে কোন প্রশ্ন করবে তখন অবশ্যই আপনার সাথে কাউকে রাখবেন, না থাকলেও সমস্যা নেই তবে থাকলে ভালো হয় । যাতে করে পুলিশ আপনাকে কি বলল বা আপনি কি জবাব দিলেন তার সাক্ষ্যি হিসাবে একজন থাকে ।
আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের বিরুদ্ধে যায় এমন কোন কথা বলতে বা সাক্ষ্য দিতে আপনি মোটেও বাধ্য নন । সংবিধানের অনুচ্ছেদ- ৩৫(৪) আপনাকে এই অধিকার দিয়েছে । তাই নিজের বিপক্ষে যায় এমন কথা বলতে কেউ আপনাকে বাধ্য করতে পারবে না ।
পুলিশ আপনার সাথে কোন জায়গায় কোনক্রমেই অশালীন, রুঢ বা খারাপ আচরণ করতে পারে না । যদি এ ধরণের আচরণ করে তাহলে উর্ধতন পুলিশ অফিসারের কাছে লিখিত অভিযোগ দিন । ঊর্ধতন অফিসার হতে পারে জেলা পুলিশ সুপার, মেট্রোপলিটন এলাকায় হলে পুলিশ কমিশনার । এই অভিযোগ দেয়ার সময় একটি অনুলিপি ফটোকপি করে আপনার নিজের কাছে রাখবেন । কিছু অনুলিপি আপনি জেলা ম্যাজিষ্ট্রেট বা ডিসি(ডেপুটি কমিশনার), আইজিপি বরাবর (পুলিশ সদর দপ্তরে), স্বরাষ্ট্র সচিব বরাবর (স্বরাষ্ট্র মন্ত্রানলয়ে), মানবাধিকার কমিশনের স্থানীয় বা জাতীয় অফিসে , স্থানীয় সাংবাদিক সংস্থার অফিসে বা প্রেস ক্লাবে ( অবশ্যই পাঠাবেন), স্থানীয় ও জাতীয় মানবাধিকার সংস্থাতে পাঠাতে পারেন । এতে করে দ্রুত ফল পাবেন । পুলিশ যদি আপনার সাথে বেআইনী কিছু করে তাহলে পুলিশের বিরুদ্ধে আনীত যেকোন অভিযোগই আপনি এ সমস্ত জায়গায় করতে পারেন । অপরাধের মাত্রা বেশি হলে আপনি থানায় জ়িডি এমন কি সেটি গুরুতর হলে মামলা কিংবা থানা মামলা না নিলে ম্যাজিষ্ট্রেটের কাছে লিখিত নালিশ করতে পারেন । এরপর দেখেন চাকরী বাঁচাতে কিভাবে সেই পুলিশ আপনার হাতে পায়ে ধরা শুরু করে ।
পুলিশ জনগনের সেবক, জনশান্তি রক্ষায় পুলিশের দায়িত্ব । আপনি যদি নিরাপরাধী হন আইন সবসময় আপনার সহায়ক, (নিছক রাজনৈতিক কোন বড় ধরণের মামলা না হলে) । যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণে অসচেতনতাই আমাদের একদিকে যেমন আইনগত প্রতিকার থেকে বঞ্চিত করে অন্যদিকে অপরাধী পার পেয়ে যাচ্ছে এবং আইনের প্রতি আমাদের অশ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে । আপনি যদি ঠিক থাকেন, সঠিক হন তো আইন সবসময় আপনার পক্ষে । অযথা পুলিশকে ভয় পাবেন না । মনে রাখবেন ওরা আমাদের ট্যাক্স এর টাকায় নিয়োজিত আমাদের সেবক, আমাদের অযথা ভয়ই ওদের সুযোগ সন্ধানী করে তুলেছে । তাই পুলিশি অপকর্ম ও হয়রানি প্রতিরোধে সজাগ হোন, আইন জানুন, আইনের ব্যবহার নিশ্চিত করুন ।।
(এ ইউ জেড প্রিন্স)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




