
-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে শুনি; ঘটনাটা কি?
***
মূলত; তরকারিতে লবন কম হছে।আপনারা ভাবছেন এই সামান্য সত্য কথাটা বললে বাসা থেকে আমার খাবার বন্ধ হয়ে যাবে; কি ভয়ঙ্কর গিন্নী আর আমি কত বউরে ভয় পাই- তাই না?
আজ বাসা থেকে পাঙ্গাস মাছ রান্না করে দিয়েছে। মাছ এসেছে শ্বশুর বাড়ি থেকে, একেবারে নদীর টাটকা পাঙ্গাস। আমার ছেলে মেয়ে গিন্নী কেউ এই পাঙ্গাস খায় না। এমনকি যে চামচে পাঙ্গাস মাছে বেড়ে দেয়া হয় সেই চামচেও অন্য তরকারি পরিবেশন করে না। কিন্তু তিনি রান্না করেন অতি যত্ন করে। শীতের পাঙ্গাস এমনিতেই তেলে ঠাসা স্বাদে চমৎকার! একটু ভাঙ্গা ভাঙ্গা করে নতুন আলু, দেশী টক টম্যাটো, আর ধনে পাতা দিয়ে তেল উঠিয়ে মাখা মাখা ঝোলে চমৎকার লাগে! সাথে যদি একটুখানি মাছের ডিম থাকে আর শুকনো লঙ্কার একটু অতিরঞ্জকে আপনার বিশেষ আপত্তি না থাকে তাহলে তো জমে যাবে। আমার রেসিপিতে গিন্নী রাধেন- প্রতিবার একটু ফর্মুলা পাল্টাই, কখনো বলি; একটু ভাজা রাধুনীর গুড়ো ছিটিয়ে দিতে- কখনো দুটো কাঁচা লঙ্কা হালকা চিড়ে দিতে বলি। কখনো একটু ঝোল ঝোল-কখনো কষা ভূনা।
তার এত যত্ন করে রান্না করা মাছ আমি শুধু লবন কম হবার অপবাদে খারিজ করে দিব এমন দয়ামায়াহীন আমি নই। খাবার বন্ধ করে দেবার বিষয়টা আসলে -আদুরে হুমকি!
গতকাল অফিসে এক অতি আপনজন এক গেস্ট এসেছিলেন।তাকে নিয়ে গেলাম দুপুরের খাবার খেতে বেড়িবাঁধের তামান্না পার্কের পাশে রফিকের ভাতের হোটেল নামক 'গুপ্ত' এক হোটেলে। গুপ্ত বললাম এই কারনে যে, এখানে খান বিশেক ভর্তা ভাতের হোটেল আছে যেগুলো ভাল করে খেয়াল না করলে রাস্তা থেকে দেখার উপায় নেই। মেইন রোড থেকে কয়েক ধাপ নীচে হোটেলগুলো- হোটেলের ছাদ রাস্তা বরাবর!
সেখানে ভীড় দেখে আপনি হতবাক হয়ে যাবেন- ভাববেন যে আপনিন ছাড়া সবাই এই হোটেলগুলো চিনে।
রফিকের হোটেলে আস্ত ইলিশ ভাজা বিক্রি হয়। মাছগুলো আগে থেকেই মেরিনেট করা থাকে -আপনি বললে ডুবো তেলে গরম গরম ভেঁজে দিবে। সাথে চাইলে চাক চাক বেগুন ভাজি মুঠো ভর্তি তেলে ভাজা শুকনো লঙ্কা!
২০ পদের ভর্তা ১০০ টাকা। গামলা ভর্তি একটু 'বাজেট' চালের গরম ভাত সামান্য জৌলুস কমালেও- খেতে খেতে আপনি ঘেমে যাবেন। হোটেলের পাশেই দুর্গন্ধহীন একটা 'লেক' উপরি পাওনা।
এখন ইলিশ মারার মৌসুম নয় তাই মাছের দাম একটু বেশী ৩০০ থেকে সাড়ে তিনশো গ্রামের আস্ত একটা মাছ ভাজা এখন ৭০০-৮০০ টাকা। ক'দিন আগে ছিল ৫০০।
-ওখান থেকে খেয়ে আসার জন্য গতকাল বাসার খাবার বাসাতেই ফিরিয়ে নিয়ে গেছি। এই নিয়ে হুমকি দিয়েছিল গিন্নী 'আজ থেকে বাসার খাবার বন্ধ'। সেই ভয়েই আজ লবনের কথা আর বললাম না।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


